‘পাগল-নিমকহারাম’ বলে ফোনে নেতানিয়াহুকে গালাগাল করেছেন ট্রাম্প

লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখাকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুজন নেতার মধ্যে সাম্প্রতিক এক ফোনালাপে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং ট্রাম্প নেতানিয়াহুর কর্মকাণ্ড নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেন।
এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে পাগল বলা ছাড়াও নিমকহারাম হিসেবেও অভিহিত করেন তিনি। এরসঙ্গে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানোর যে পরিকল্পনা ইসরায়েল করছিল, সেটিও থামিয়ে দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
অ্যাক্সিওস জানায়, সোমবার (১ জুন) অনুষ্ঠিত ওই ফোনালাপের পেছনে ছিল লেবাননে ইসরায়েলের চলমান হামলা নিয়ে বাড়তে থাকা আন্তর্জাতিক উদ্বেগ। এর আগে ইরান সতর্ক করে বলেছিল, লেবাননে হামলা বন্ধ না হলে তারা চলমান কূটনৈতিক আলোচনা থেকে সরে আসতে পারে। এমন পরিস্থিতিতে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেন।
প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, ট্রাম্প মনে করেন লেবাননে হামলা অব্যাহত থাকলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান আরও দুর্বল হবে। তিনি নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, নতুন করে বড় ধরনের হামলা চালানো হলে বিশ্বমঞ্চে দেশটি আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
একাধিক সূত্রের দাবি, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি নিজের ক্ষোভ স্পষ্টভাবে প্রকাশ করেন। তিনি ইঙ্গিত দেন যে অতীতে বিভিন্ন রাজনৈতিক ও আইনি সংকটে নেতানিয়াহুর পাশে ছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার সিদ্ধান্তগুলোকে দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন।
বিজ্ঞাপন
এদিকে ফোনালাপের পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, হিজবুল্লাহ আর ইসরায়েলের বিরুদ্ধে নতুন হামলা চালাবে না এবং ইসরায়েলও বৈরুতে বড় ধরনের হামলা থেকে বিরত থাকবে।
তবে পরবর্তীতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বক্তব্যে জানানো হয়, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। যদিও মার্কিন কর্মকর্তাদের একজনের দাবি, ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় নেতানিয়াহু তুলনামূলক সংযত অবস্থান নিয়েছিলেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে অতীতেও প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প।
সূত্র: অ্যাক্সিওস








