Logo

পশ্চিমবঙ্গে আবারও বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ জুন, ২০২৬, ১৩:০৯
পশ্চিমবঙ্গে আবারও বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে ফের বৃদ্ধি করা হয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৫৩ দশমিক ৫০ রুপি বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২৫৫ দশমিক ৫০ রুপি। ফলে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গের হোটেল, রেস্তোরাঁ এবং খাদ্য ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নতুন করে ব্যয় বৃদ্ধির মুখে পড়েছে।

বিজ্ঞাপন

তবে সাধারণ গৃহস্থালির ব্যবহারের জন্য ১৪ দশমিক ২ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। এ ধরনের গ্যাসের মূল্য আগের মতোই ৯৩৯ রুপিতে বহাল রাখা হয়েছে।

কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস ব্যবহারে এবার বেশ কড়া নিয়ম জারি করেছে। জানানো হয়েছে, একই বাড়িতে এলপিজি সিলিন্ডার ও পাইপ লাইন গ্যাস সংযোগ একসঙ্গে রাখা যাবে না। যদিও কোনো বাড়িতে পাইপলাইনের গ্যাস সংযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে এলপিজি কানেকশন বন্ধ করে দিতে হবে।

বিজ্ঞাপন

গত মে মাসে কার্যত নজিরবিহীনভাবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় প্রায় ১ হাজার রুপি বাড়িয়ে দেওয়া হয়। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের নতুন করে আবারও দাম বাড়ানো হলো। ফলে হোটেল, রেস্তোরাঁ এবং ছোটখাটো খাবার দোকানদারের মাথায় হাত।

হোটেল ব্যবসায়ীদের একাংশ বলছেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ব্যয় নিজেদের বহন করা সম্ভব নয়। তাই ব্যবসা টিকিয়ে রাখতে হলে খাবারের দাম বাড়ানো ছাড়া তাদের সামনে অন্য কোনো বিকল্প কোনো উপায় থাকবে না। ফলে নতুন এই মূল্যবৃদ্ধির প্রভাব শিগগিরই কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন রেস্তোরাঁ ও খাবারের দোকানের মেন্যুতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD