৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখওয়া প্রদেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেলে এই ভূকম্পন আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
বিজ্ঞাপন
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ, ভূমিকম্পের কারণে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পন অনুভূত হওয়ার পর অনেক মানুষ দ্রুত ঘরবাড়ি ও ভবন থেকে বের হয়ে খোলা স্থানে আশ্রয় নেন।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৩টা ২২ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল, যেখান থেকে সৃষ্ট কম্পন পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়।
বিজ্ঞাপন
পাকিস্তানের যেসব এলাকায় এই কম্পন বেশি অনুভূত হয়েছে, তার মধ্যে রয়েছে পেশোয়ার, রাজধানী ইসলামাবাদ, মানসেহরা, সোয়াত, বাত্তাগ্রাম এবং অ্যাবোতাবাদ।
ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে এই কম্পনের পর এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত কিংবা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এদিকে ভূমিকম্পের পর আফটারশক বা পরবর্তী মৃদু কম্পনের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। এজন্য জনগণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
একইসঙ্গে, সবাইকে জরুরি নিরাপত্তা নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।








