Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্যেই চীনের সঙ্গে বৈঠকে ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন, ২০২৬, ১৫:৪৭
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্যেই চীনের সঙ্গে বৈঠকে ভারত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলমান চীন সফরের মধ্যেই নয়াদিল্লিতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সোমবার (২২ জুন) দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস (BRICS) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে এ দ্বিপক্ষীয় আলোচনা হয়।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিকসের বর্তমান চেয়ারম্যান হিসেবে ভারত ২৩ ও ২৪ জুন দিল্লিতে সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের আয়োজন করেছে।

এই বৈঠকের সাইডলাইনে দোভাল ও ওয়াং ইয়ের মধ্যে অনুষ্ঠিত আলোচনাকে দুই দেশই ‘গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ হিসেবে বর্ণনা করেছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বৈঠকে সাম্প্রতিক দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বলে মত দেওয়া হয়।

২০২০ সালের সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে উত্তেজনায় থাকা ভারত–চীন সম্পর্ক ২০২৪ সাল থেকে পুনরায় উন্নতির দিকে এগোতে শুরু করে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, বৈঠকে ওয়াং ই বলেন, দুই দেশের উচিত একে অপরের মূল স্বার্থকে সম্মান করা এবং সংবেদনশীল বিষয়গুলো দায়িত্বশীলভাবে পরিচালনা করা। পাশাপাশি তিনি বিভিন্ন দ্বিপক্ষীয় সংলাপ পুনরায় সক্রিয় করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি বাণিজ্য, অর্থনীতি, আইনশৃঙ্খলা সহযোগিতা এবং গণমাধ্যম বিনিময় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। একই সঙ্গে ব্রিকসকে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গঠনে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বর্তমানে ব্রিকস জোটের সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা, যার সঙ্গে সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি দেশ যুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD