জুলাইয়ে খামেনির জানাজা, দাফন হবে মাশহাদে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। ‘শহীদ নেতাকে বিদায়’ শিরোনামে আয়োজিত এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেছেন বিদায় অনুষ্ঠান তদারকি কমিটির মুখপাত্র ইমান আত্তারজাদেহ।
বিজ্ঞাপন
তিনি জানান, আগামী ৬ জুলাই রাজধানী তেহরানে খামেনির জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পরদিন ৭ জুলাই পবিত্র নগরী কোমে জানাজার শোভাযাত্রা ও নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ৮ জুলাই তার মরদেহ নেওয়া হবে মাশহাদে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৯ জুলাই মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের মরদেহ নিয়ে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরে তাকে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।
বিজ্ঞাপন
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হন। তার মৃত্যুর কয়েক দিনের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার ছেলে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়।
ইমান আত্তারজাদেহ বলেন, ‘শহীদ নেতাকে বিদায়’ শীর্ষক এ আয়োজনের মূল স্লোগান হলো ‘আমাদের জেগে উঠতেই হবে’। তিনি জানান, খামেনির বাম হাতের মুষ্টিবদ্ধ ভঙ্গিকে দৃঢ়তা ও অটলতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে। এ কারণে অনুষ্ঠানের প্রতীক হিসেবেও মুষ্টিবদ্ধ হাতকে বেছে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। হামলার সময় তিনি তেহরানে নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন।
সূত্র: রয়টার্স








