ইসরায়েলকে আইআরজিসির কুদস ফোর্স প্রধানের কঠোর বার্তা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় তেলআবিবকে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি। তিনি বলেছেন, ইসরায়েল স্বেচ্ছায় সরে না গেলে তাদের অঞ্চল ছাড়তে বাধ্য করা হবে।
বিজ্ঞাপন
সোমবার (২২ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসমাইল কানি বলেন, ইসরায়েল যদি বর্তমান নীতি থেকে সরে না আসে, তাহলে ২০০০ সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। সে সময় দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীকে নিঃশর্তভাবে পিছু হটতে হয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কানি উল্লেখ করেন, আগ্রাসন ও দখলদারিত্ব অব্যাহত থাকলে ইসরায়েলকে অপমানজনক পরিণতির মুখোমুখি হতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দক্ষিণ লেবানন থেকে স্বেচ্ছায় সরে না গেলে ২০০০ সালের মতো পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে। সে সময় ইসরায়েলকে ব্যাপক চাপের মুখে অঞ্চলটি ছাড়তে হয়েছিল।
এদিকে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় একপর্যায়ে অচলাবস্থা তৈরি হয়েছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইরানের একটি আধা-সরকারি সংবাদমাধ্যমের দাবি, মার্কিন প্রেসিডেন্টের হুমকিসূচক বক্তব্য প্রকাশের পর ইরানি প্রতিনিধিরা আলোচনায় ফিরে যেতে অনাগ্রহ দেখিয়েছিল। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত ছিল।
অন্যদিকে আলোচনায় অংশ নেওয়া এক মার্কিন কূটনীতিক বলেন, ইরানি প্রতিনিধিরা কখনও আলোচনা পুরোপুরি বর্জন করেননি। তারা গভীর রাত পর্যন্ত বৈঠকে অংশ নিয়েছেন। হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি, পারমাণবিক কর্মসূচি এবং সমঝোতা বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, উচ্চপর্যায়ের এই বৈঠক সোমবার শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তী ধাপের আলোচনার জন্য কারিগরি কমিটির সদস্যরা সেখানে অবস্থান করবেন।
আলোচনায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সংঘাত বন্ধের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, প্রায় ২২ বছর দক্ষিণ লেবাননে অবস্থানের পর ২০০০ সালে ইসরায়েলি সেনাবাহিনী ওই অঞ্চল থেকে প্রত্যাহার করে নেয়। ঘটনাটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২৫ মে লেবাননে ‘মুক্তি দিবস’ পালিত হয়।
সূত্র: আল জাজিরা








