ভারতের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) শহরের আলিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, যে ভবনটিতে আগুন লাগে সেখানে কোচিং সেন্টারের পাশাপাশি একটি পোষা প্রাণীর দোকান এবং আরও কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের ভেতরে বহু মানুষ আটকা পড়েন। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী তিনতলা ভবন থেকে লাফ দেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুন এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। উদ্ধার অভিযান শেষে ধ্বংসস্তূপ থেকে অন্তত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, আগুন ছড়িয়ে পড়ার পর ভবনের বিভিন্ন অংশ থেকে মানুষ বের হওয়ার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ভাঙা জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে নিচে পড়ে যান।
ভিডিওতে দেখা যায়, তিনি একটি কার্নিশ ধরে ঝুলে থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু ভারসাম্য হারিয়ে নিচের একটি বেড়ার ওপর পড়ে পরে মাটিতে আছড়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।
বিজ্ঞাপন
এক প্রত্যক্ষদর্শী জানান, ভবনটি ছিল তিনতলা। আগুন উপরের তলা থেকে শুরু হয়ে খুব দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। উদ্ধারকাজ সহজ করতে কয়েকটি জানালা ভেঙে ফেলা হয়।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় শিক্ষার্থীসহ বেশ কয়েকজন মানুষ ভবনের ভেতরে আটকা পড়েছিলেন। তবে ঠিক কতজন সেখানে ছিলেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বিজ্ঞাপন
আরেক প্রত্যক্ষদর্শী বলেন, অন্তত পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী ভবন থেকে লাফ দিয়েছিলেন। তাদের মধ্যে একজনের হাড় ভেঙে গেছে বলে জানা গেছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বার্তায় বলা হয়, লখনৌর অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। একই সঙ্গে উদ্ধার অভিযানে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার কথা উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-ও ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
সূত্র: এনডিটিভি








