চুক্তির পর ৮ দিনে ৩ কোটি ৬০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান

ইসলামাবাদ সমঝোতা চুক্তি ঘোষণার পর মাত্র আট দিনে ৩ কোটি ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান। একই সময়ে প্রায় সমপরিমাণ তেলবাহী চালান এখনো সমুদ্রপথে বিভিন্ন গন্তব্যের দিকে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জাহাজ পর্যবেক্ষণ সংস্থা ট্যাংকার ট্র্যাকারস।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ১৫ জুন থেকে এ পর্যন্ত ইরান ৩ কোটি ৬০ লাখ ব্যারেল তেল বিদেশে রপ্তানি করেছে। পাশাপাশি প্রায় একই পরিমাণ তেল বর্তমানে সমুদ্রপথে পরিবহনাধীন অবস্থায় রয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনা, সংঘাত ও কূটনৈতিক অচলাবস্থার পর চলতি বছরের মে মাসের শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানের কাছে নতুন একটি সমঝোতা প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। ১৪ দফা ও প্রায় ৮০০ শব্দের ওই খসড়া চুক্তি প্রায় দেড় মাস পর্যালোচনার পর ১৫ জুন এতে সম্মতি জানায় ইরান।
বিজ্ঞাপন
পরবর্তীতে ১৮ জুন চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইসলামাবাদ সমঝোতা চুক্তির অন্যতম শর্ত ছিল, চুক্তি কার্যকর হওয়ার পর আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আরোপিত অবরোধ প্রত্যাহার করবে ইরান। এর বিনিময়ে ইরানের তেল রপ্তানির ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের পর থেকে উভয় পক্ষই এখন পর্যন্ত নিজ নিজ প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








