Logo

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই, ২০২৬, ১৮:২৬
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বিনামূল্যে জনমত জরিপের সেবা গ্রহণের মাধ্যমে রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘনের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, সিউল জেলা আদালত রায়ে উল্লেখ করেছেন, ইউন সুক-ইওল এক রাজনৈতিক মধ্যস্থতাকারীর কাছ থেকে বিনা মূল্যে ১৪ দফা জনমত জরিপের সুবিধা নেন। এসব জরিপের মূল্য ছিল প্রায় ২৭ কোটি ওন (প্রায় ১ লাখ ৭৯ হাজার ৮০০ মার্কিন ডলার)। আদালতের মতে, এভাবে সুবিধা গ্রহণের মাধ্যমে তিনি রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘন করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আদালত আরও বলেন, পরবর্তীতে ওই সুবিধার প্রতিদান হিসেবে একজন সাবেক সংসদ সদস্যের দলীয় মনোনয়ন নিশ্চিত করতে নিজের প্রভাব ব্যবহার করেন ইউন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। তার দাবি, তিনি কখনও এমন কোনো জরিপের অনুরোধ করেননি এবং এর বিনিময়ে কাউকে কোনো প্রতিশ্রুতিও দেননি।

বিজ্ঞাপন

আদালতের এ রায় সাবেক ফার্স্ট লেডি কিম কোন-হিকে ঘিরে আগের কয়েকটি রায়ের সঙ্গে ভিন্নতা তৈরি করেছে। কারণ, পূর্ববর্তী রায়গুলোতে ওই জরিপসেবার সঙ্গে কোনো পারস্পরিক সুবিধা বা লেনদেনের সম্পর্ক পাওয়া যায়নি।

বিচারক জানিয়েছেন, সোমবারের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

বর্তমানে ৬৫ বছর বয়সী ইউন সুক-ইওল মোট আটটি আইনি মামলার মুখোমুখি। ২০২৪ সালে স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারির ঘটনায় অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে দোষী সাব্যস্ত হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধেও তিনি আপিল করেছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট গ্রেপ্তার এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে তার সাত বছরের কারাদণ্ড বহাল রাখে।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD