Logo

যুদ্ধ পরিস্থিতিতে ইরানের ৪ প্রদেশে ফাইনাল পরীক্ষা বাতিল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই, ২০২৬, ১৫:৫০
যুদ্ধ পরিস্থিতিতে ইরানের ৪ প্রদেশে ফাইনাল পরীক্ষা বাতিল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টানা সামরিক হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা অভিযানের মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলের চারটি প্রদেশে একাদশ ও দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইরানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল রবিবার ও সোমবার দক্ষিণাঞ্চলের চারটি প্রদেশে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা বাতিল করা হয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের চলমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি শুধু হরমোজগান, বুশেহর, খুজেস্তান এবং সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের জন্য কার্যকর থাকবে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাতিল হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ পরে জানানো হবে। অন্যান্য সব প্রদেশের ফাইনাল পরীক্ষা এবং বাতিল হওয়া এলাকাগুলোর পুনর্নির্ধারিত পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মার্কিন হামলায় ইরানের পানি সরবরাহ ব্যবস্থাও লক্ষ্যবস্তু হয়েছে। এতে হাজার হাজার মানুষের সুপেয় পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে।

তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হরমোজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির সিইও হামজেহ পুর বলেন, ইরানের জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামে একটি পানি পরিশোধন পাম্পে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এতে প্রায় ১০ হাজার জনসংখ্যার ২০টি গ্রামে সুপেয় পানির সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে।

পুর এই মার্কিন হামলাকে ‘ধারাবাহিক অপরাধ ও সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ হামলার ফলে সমুদ্র থেকে পানি তোলার একটি পাম্পিং স্টেশন এবং বুঞ্জি পানি পরিশোধন কেন্দ্রের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

বিজ্ঞাপন

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন সেন্টকম জানায়, তারা টানা সাত রাত ধরে ইরানে সামরিক অভিযান পরিচালনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার অভিযান অব্যাহত থাকবে বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মার্কিন বাহিনী যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ইরান পূর্ণমাত্রার যুদ্ধে অংশ নিতে বাধ্য হবে।

শুক্রবার রাতের হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র যদি একই ধরনের হামলা চালিয়ে যায়, তাহলে ইরান শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না। বরং পূর্ণমাত্রার যুদ্ধে অংশ নেবে। এমন পরিস্থিতি তৈরি হলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না বলেও তিনি সতর্ক করেন।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD