এক্সে পাওয়া যাচ্ছে না ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে আর দেখা যাচ্ছে না ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট। বুধবার থেকে ইংরেজি, ফার্সি ও আরবি ভাষায় পরিচালিত প্রতিষ্ঠানটির তিনটি ভেরিফায়েড অ্যাকাউন্টই স্থগিত অবস্থায় রয়েছে।
বিজ্ঞাপন
এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, বুধবার রাত থেকে তাসনিম নিউজের অ্যাকাউন্টগুলোতে প্রবেশের চেষ্টা করলে এক্সের পক্ষ থেকে জানানো হচ্ছে, অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, প্ল্যাটফর্মের নীতিমালা লঙ্ঘনকারী অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করা হয়।
এ বিষয়ে এখন পর্যন্ত এক্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। ঠিক কোন নীতিমালা লঙ্ঘনের কারণে তাসনিম নিউজের অ্যাকাউন্টগুলো স্থগিত করা হয়েছে, সে সম্পর্কেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো দাপ্তরিক মন্তব্য আসেনি।
তবে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনাসংবলিত একটি ভিডিও প্রকাশের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত ২৮ জুলাই তাসনিম নিউজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত প্রায় দুই মিনিটের একটি ভিডিওর শিরোনাম ছিল ‘হাউ টু কিল মেলানিয়া ট্রাম্প’। ফার্সি ভাষায় তৈরি ওই ভিডিওতে মেলানিয়াকে কীভাবে লক্ষ্যবস্তু করা যেতে পারে, সে বিষয়ে বিভিন্ন বর্ণনা তুলে ধরা হয়েছিল। ভিডিওটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই তাসনিম নিউজের সব অফিসিয়াল অ্যাকাউন্ট স্থগিত করে এক্স।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে পরিচিত তাসনিম নিউজ দেশটির অন্যতম প্রভাবশালী বার্তাসংস্থা। ২০১২ সালে যাত্রা শুরু করা সংবাদমাধ্যমটি দাবি করে, পশ্চিমা গণমাধ্যমের প্রচারিত বর্ণনার বিপরীতে ইসলামি প্রজাতন্ত্রী ইরানের অবস্থান তুলে ধরাই তাদের অন্যতম লক্ষ্য।
বিজ্ঞাপন
তাসনিম নিউজের অ্যাকাউন্টগুলো কতদিন স্থগিত থাকবে, সে বিষয়ে জানতে এএফপি এক্সের ‘ট্রাস্ট অ্যান্ড সেফটি’ টিমের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, বিষয়টি পর্যালোচনায় রয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত সেই পর্যালোচনার ভিত্তিতেই নেওয়া হবে।
বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর ছয় মাসের বেশি সময় তিনি প্রশাসনের সরকারি ব্যয় সংকোচনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র: এএফপি, ফার্স্টপোস্ট








