Logo

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই, ২০২৬, ১৬:৪৮
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও ৫ হাজার রোহিঙ্গাকেও গ্রহণে সম্মতি দিয়েছে দেশটি। এমন তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বিজ্ঞাপন

বুধবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ নেগেরি সেম্বিলানের চেন্নাহ শহরে এক জনসভায় তিনি এ তথ্য তুলে ধরেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার নাগরিকরা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মিয়ানমার এতদিন তাদের নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে রাজি ছিল না। সম্প্রতি আলোচনার মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং মিয়ানমার মালয়েশিয়া থেকে ৫ হাজার ও বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছে।

তিনি বলেন, এ অগ্রগতি সম্ভব হয়েছে ধারাবাহিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে। তার মতে, এ ধরনের জটিল ইস্যু সমাধানে সতর্ক ও কার্যকর কূটনীতির বিকল্প নেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সংঘর্ষের পর ব্যাপক সামরিক অভিযান শুরু হয়। ওই অভিযানে হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

বর্তমানে কক্সবাজারের কুতুপালংসহ বিভিন্ন শরণার্থী শিবিরে ১৫ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। তাদের জন্য বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবিক সহায়তা দিয়ে আসছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়াতেও প্রায় ১ লাখ ২৬ হাজার রোহিঙ্গা আশ্রিত রয়েছেন।

জনসভায় আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ায় থাকা শরণার্থীদের দেশটির আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, অনুমোদিত শরণার্থী শিবির ও নির্ধারিত এলাকার বাইরে আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দেশটির পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সূত্র: দ্য স্টার

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD