আবারও মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ভারতে ২০ শতাংশ ইথানল মিশ্রিত ই-২০ পেট্রোল চালুর সরকারি সিদ্ধান্তের বিরোধিতা আরও জোরালো করেছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন কেজরিওয়াল।
বিজ্ঞাপন
শনিবার (১ আগস্ট) দিল্লিতে আয়োজিত ‘ই-২০ বিরোধী জাতীয় গণসমাবেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।
সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, ই-২০ পেট্রোল নীতি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে দেওয়া একটি অনলাইন আবেদনে ইতিমধ্যে দুই লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। সেই গণআবেদনের মুদ্রিত কপি তিনি নিজে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে দেবেন।
কেজরিওয়াল বলেন, ‘কয়েক দিন আগে আমি দেশের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছিলাম। এতে ইতোমধ্যে দুই লাখেরও বেশি মানুষ অনলাইনে সমর্থন জানিয়েছেন। আগামী ৪ আগস্ট দুপুর ১২টায় আমি নিজেই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে এই স্মারকলিপি জমা দেব।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পদযাত্রায় বিশাল সমাবেশের বদলে সীমিত উপস্থিতি থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে মাত্র ১০০ জন কর্মী-সমর্থক থাকবেন, যারা পুলিশের লাঠিচার্জ কিংবা কারাগারে যেতে ভয় পান না।’
যানবাহনে ই-২০ জ্বালানির ব্যবহার নিরাপদ কি না, তা নিয়ে প্রশ্ন তুলে কেজরিওয়াল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘যদি ই-২০ পেট্রোল সত্যিই নিরাপদ হয়ে থাকে, তবে সরকার আমাদের সঙ্গে মুক্ত আলোচনায় বসুক। আমরা আমাদের তথ্য-প্রমাণ তুলে ধরব এবং সরকারও তাদের পক্ষে থাকা প্রমাণ উপস্থাপন করুক।’
বিজ্ঞাপন
অন্যদিকে কেজরিওয়ালের অভিযোগ ও নতুন কর্মসূচিকে রাজনৈতিক নাটক হিসেবে অভিহিত করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির দিল্লি শাখার সভাপতি হর্ষ মালহোত্রা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ই-২০ পেট্রোল ব্যবহারের কারণে ইঞ্জিন নষ্ট হয়েছে বা কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন অন্তত ১০০টি ঘটনার সুনির্দিষ্ট প্রমাণ কেজরিওয়াল আগে জনসমক্ষে উপস্থাপন করুন। তারপর এ ধরনের অভিযোগ নিয়ে রাজনৈতিক প্রচার চালানো উচিত।








