৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস

ইতালির দক্ষিণ অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর নেপলসে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ৭ মাত্রার এই কম্পনে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং রেল যোগাযোগেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ছেচল্লিশ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। কম্পনের পরপরই নেপলসের বড় অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই সঙ্গে ট্রেন ও মেট্রো সেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়।
ইতালির ভূমিকম্প ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপলসের পশ্চিমে ক্যাম্পি ফ্লেগ্রি এলাকায়, ভূপৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয় এবং ক্ষয়ক্ষতিও তুলনামূলক বেশি হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নেপলস ফায়ার সার্ভিস জানিয়েছে, বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য মেলেনি। ইতালীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে নেপলসে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটি একটি।
ইতালি নিয়মিত ভূমিকম্পপ্রবণ দেশ না হলেও মাঝেমধ্যেই শক্তিশালী কম্পন দেখা যায়। ১৯৮০ সালে দেশটিতে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় দুই হাজার সাতশ মানুষ প্রাণ হারান। এটি ইতালির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক ভূমিকম্প হিসেবে পরিচিত। এরপর ২০১৬ সালে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে প্রায় তিনশ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র: রয়টার্স








