ভারতের অরুণাচল প্রদেশে আকস্মিক বন্যা, ৫ সেনা নিখোঁজ

ভারতের অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জেলায় আকস্মিক বন্যায় একটি সেনা ক্যাম্পের দুটি আশ্রয়কেন্দ্র ভেসে গিয়ে পাঁচ সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। শনিবার স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসইওসি) বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
পুলিশ সুপার পঙ্কজ কুমার জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দিবাং ভ্যালির মিউপি সার্কেল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের পাসু পানি এলাকায় হঠাৎ পাহাড়ি স্রোত বেড়ে যায়। এতে আশপাশের এলাকা প্লাবিত হয়ে ফিফথ গ্রেনেডিয়ার্সের পাসু পানি সেনা ক্যাম্পের দুটি আশ্রয়কেন্দ্র পানিতে ভেসে যায়।
এ সময় সাত সেনা সদস্য প্রবল স্রোতের মধ্যে পড়ে যান। দ্রুত দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সেনারা হলেন হাবিলদার উপেন্দ্র এবং জওয়ান কুন্দন, বিনোদ, আদিত্য ও সমুনদা।
তাদের সন্ধানে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। এসডিআরএফ, এনডিআরএফ ও জেলা ডিডিএমওর পাশাপাশি ফিফথ গ্রেনেডিয়ার্সের দুটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করছে। এ ছাড়া আইটিবিপির ৫৮তম ব্যাটালিয়ন, জিআরইএফের ৬২ আরসিসি, অরুণাচল প্রদেশ পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পাসিঘাট থেকেও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে এসডিআরএফের ১০ সদস্যের একটি দল। সেনা ক্যাম্পসহ অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি।
এদিকে শুক্রবার রাজ্যের আপার সুবানসিরি জেলাতেও ভূমিধসে চারজনের মৃত্যু হয়েছে। কিওজারিং-বিয়াচিং সড়কের কাছে ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে তারা চাপা পড়েন।
বিজ্ঞাপন
নিহতরা হলেন তাদু বাকি, তাজি রাই, মার্কোশ বসুমাতারি ও বাবুল আলী। তাদের মধ্যে বাবুল আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদের সন্ধানে নাচো থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও এসডিআরএফের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস








