নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ দুই শতাধিক স্কুলশিক্ষার্থী

নেপালে ভয়াবহ বন্যায় দুই শতাধিক স্কুলশিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া প্রায় ২০ জন শিক্ষার্থী বন্যার পানিতে ভেসে গেছে বলে জানা গেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন জেলায় অন্তত ১৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে নয়টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সাতটি স্কুল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার খবরও পাওয়া গেছে।
শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় দুই শতাধিক শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর বেশিরভাগই রাসুয়া ও নুওয়াকোট জেলায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই দুই জেলার ক্ষতিগ্রস্ত কয়েকটি স্কুলে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত। বন্যায় কোনো কোনো স্কুল পানিতে তলিয়ে গেছে, আবার কিছু শিক্ষাপ্রতিষ্ঠান মাটির নিচে চাপা পড়েছে।
একটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানির প্রবল স্রোতে শিক্ষার্থীদের বহনকারী একটি বাসও ভেসে গেছে। ওই ঘটনায় নিখোঁজ শিক্ষার্থী ও শিক্ষকদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।








