Logo

নেপাল-তিব্বতে থামেনি মৃত্যুর মিছিল, নিহতের সংখ্যা ছাড়াল ১০০০

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৫৯
নেপাল-তিব্বতে থামেনি মৃত্যুর মিছিল, নিহতের সংখ্যা ছাড়াল ১০০০
ছবি: সংগৃহীত

নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুই দেশের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ তথ্যের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বিজ্ঞাপন

নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, তিব্বতে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চীন। দুই দেশের সর্বশেষ হিসাব অনুযায়ী, নেপাল ও তিব্বত মিলিয়ে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে।

নেপালে ৯৮৭ জনের মরদেহ উদ্ধারের পাশাপাশি অনেক মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর ফলে দেশটিতে নিখোঁজ মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৬ জনে। অন্যদিকে, তিব্বতে এখনো ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সব মিলিয়ে নেপাল ও তিব্বতে এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৬২ জন। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের সপ্তম দিনের উদ্ধার ও তল্লাশি অভিযান মঙ্গলবারও চলছে। এখনো সাড়ে চার হাজারের বেশি মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে নেপালে নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি। যারা বিশ্বের ৩০টি দেশ থেকে হিমালয়ের দেশটিতে ঘুরতে এসেছিলেন। অপরদিকে চীনে ২৩ দেশের ২৬১ বিদেশি নিখোঁজ রয়েছেন।

নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে গত বুধবার আকস্মিক বন্যার সূত্রপাত হয়। প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে ভেসে যাওয়া মরদেহগুলো কয়েকশ মাইল দূর পর্যন্ত চলে গেছে। ভয়াবহ এই পরিস্থিতিতে পর্যাপ্ত হিমায়িত সংরক্ষণাগার না থাকায় মরদেহ সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছে নেপাল।

বিজ্ঞাপন

মরদেহগুলো দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব না হওয়ায় আপাতত সেগুলো থেকে পরিচয় শনাক্তের জন্য নমুনা বা বংশগত উপাদান সংগ্রহ করা হচ্ছে। এরপর মরদেহগুলো গণকবরে সমাহিত করা হচ্ছে। ভবিষ্যতে এসব নমুনার মাধ্যমে পরিচয় শনাক্ত হলে কবর থেকে মরদেহ তুলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: এএফপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD