Logo

পিঠে বোনকে বেঁধে ছুটছে খুদে বালক, কোথায় মা-বাবা জানে না কেউ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯
পিঠে বোনকে বেঁধে ছুটছে খুদে বালক, কোথায় মা-বাবা জানে না কেউ
পিঠে বোনকে বেঁধে ছুটছে খুদে বালক, কোথায় মা-বাবা জানে না কেউ, যা মনে করিয়ে দেয় নাগাসাকির সেই ছবি। ছবি : সংগৃহীত

পিঠে দুধের শিশুকে বেঁধে কাদামাখা পথে হেঁটে চলেছে এক খুদে বালক। শরীরজুড়ে কাদা, চোখে-মুখে ক্লান্তির ছাপ। তবু থামছে না তার পথচলা। পিঠে ছোট বোনকে নিয়ে সে যেন খুঁজে ফিরছে মা-বাবাকে। নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হৃদয়বিদারক ওই দৃশ্য অনেকের মনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে ধারণ করা একটি ঐতিহাসিক ছবির স্মৃতি ফিরিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

গত রবিবার (৩০ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে শুরু করে। ভিডিওতে দেখা যায়, এক খুদে বালক তার ছোট বোনকে পিঠে বেঁধে কাদামাখা পথ ধরে হেঁটে যাচ্ছে। পিঠে থাকা শিশুটিকে দুধের শিশু বলেই মনে হচ্ছে। সে চিৎকার করে কাঁদছিল। তবে ক্ষুধা, ভয়, অসুস্থতা নাকি অন্য কোনো কারণে শিশুটি কাঁদছিল, তা ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায়নি।

বালকটির চোখে-মুখে কাদা লেগে রয়েছে। দীর্ঘ সময় হাঁটার কারণে তার শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। এরপরও ছোট ছোট পায়ে সামনে এগিয়ে যাচ্ছে সে। চলার পথে মাঝে মাঝে চারপাশে তাকাচ্ছে। তার আচরণ দেখে মনে হচ্ছে, হয়তো ভিড়ের মধ্যে অথবা ধ্বংসস্তূপের পাশে মা-বাবার দেখা পাওয়ার আশাতেই সে এগিয়ে চলেছে।

এখন পর্যন্ত ওই দুই শিশুর নাম-পরিচয় জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের এক ব্যবহারকারী ভিডিওটি প্রকাশ করে দাবি করেছেন, এটি নেপালের হৃদয়বিদারক দৃশ্য। তার পোস্টে বলা হয়, ছোট ছেলেটি বোনকে পিঠে নিয়ে মা-বাবাকে খুঁজছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। দুই শিশুর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তারা দ্রুত মা-বাবাকে খুঁজে পাক—এমন প্রার্থনাও করেছেন কেউ কেউ। আবার অনেকেই শিশুটির সাহসের প্রশংসা করেছেন।

তবে ভিডিওটি নেপালের সাম্প্রতিক বিপর্যয়েরই দৃশ্য কি না, তা এখনো নিশ্চিত নয়। ভিডিওটির স্থান, সময় ও শিশু দুটির পরিচয়ও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবির সত্যতা নিয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

নাগাসাকির সেই ছবির কথা মনে করাল

ভিডিওটির দৃশ্য দেখে অনেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে তোলা একটি ঐতিহাসিক ছবির কথা স্মরণ করছেন। পারমাণবিক বোমা হামলার প্রায় দুই মাস পর মার্কিন সেনা কর্মকর্তা জো ও’ডনেল একটি ছবি ধারণ করেছিলেন। সেই ছবিতে এক খুদে বালককে পিঠে তার মৃত ছোট বোনকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরবর্তী সময়ে ছবিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং যুদ্ধের নির্মমতার অন্যতম প্রতীক হয়ে ওঠে।

তবে নেপালের ভিডিওতে দেখা বালকটির পরিস্থিতি নাগাসাকির ঐতিহাসিক ছবিতে থাকা শিশুটির সঙ্গে এক নয়। দুই ঘটনার প্রেক্ষাপটও আলাদা। পিঠে ছোট বোনকে নিয়ে এক শিশুর অসহায়ভাবে এগিয়ে চলার দৃশ্যই কেবল অনেকের মনে নাগাসাকির সেই ঐতিহাসিক ছবির স্মৃতি ফিরিয়ে এনেছে।

বিজ্ঞাপন

চলচ্চিত্রের সঙ্গেও মিল খুঁজছেন অনেকে

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জাপানের অ্যানিমেটেড সিনেমা ‘গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইজ’-এর কথাও উল্লেখ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দুই ভাইবোন সেতা ও সেতসুকোর জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি বিশ্বজুড়ে প্রশংসিত। নেপালের ভিডিওতে দেখা দুই শিশুর দৃশ্যের সঙ্গে ওই গল্পের কিছুটা মিল খুঁজে পেয়েছেন অনেকে।

ভিডিওটির সত্যতা নিশ্চিত না হলেও পিঠে ছোট বোনকে নিয়ে মা-বাবার সন্ধানে ঘুরে বেড়ানো শিশুটির অসহায় মুখ ও ক্লান্ত শরীর সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মনে গভীর ছাপ ফেলেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD