তীর্থযাত্রা শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ১২ জনের

তীর্থযাত্রা শেষে বাড়ি ফেরার পথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হলেন একদল তীর্থযাত্রী। ভারতের উত্তরপ্রদেশের বাগপত জেলায় তীর্থযাত্রীবাহী একটি গাড়ি সড়কের বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৬ জনের বেশি আহত হয়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে বাগপত জেলার পূর্বাঞ্চলীয় পরিধি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সোমবার (৭ সেপ্টেম্বর) পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ও আহত সবাই উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার বাসিন্দা। তারা রাজস্থানের বাগাড় ধাম থেকে তীর্থযাত্রা শেষে বাড়ির উদ্দেশে ফিরছিলেন। ফেরার পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
cআরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গাড়িটিতে মোট ৩২ জন তীর্থযাত্রী ছিলেন। রাত প্রায় ১টার দিকে খেকড়া কোতওয়ালি এলাকার বাসি ও বড়া গ্রামের মাঝামাঝি স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা দেয়। এরপর গাড়িটি উল্টে যায়।দুর্ঘটনার পর গাড়ির ভেতর থেকে যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ ও উদ্ধারকারী কর্মীরা সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বিজ্ঞাপন
তীর্থযাত্রা শেষে ঘরে ফেরার সময় এমন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছেন স্বজন ও স্থানীয়রা। একই সঙ্গে দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।








