Logo

হুথিদের হামলার জবাবে ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪৯
হুথিদের হামলার জবাবে ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের
ছবি: সংগৃহীত

ইয়েমেনের চারটি গভর্নরেটের বিভিন্ন এলাকায় অন্তত ৩২টি বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদি আরবে হুথিদের বড় ধরনের হামলার একদিন পর বুধবার এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে এএফপি। এ তথ্যের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

বিজ্ঞাপন

ইরান সমর্থিত হুথিদের নিয়ন্ত্রিত আলমাসিরা টেলিভিশনের প্রতিবেদনে সৌদি জোটের বিমান হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের মারিব, আল-জাওফ, তাইজ ও হুদাইদাহ গভর্নরেটের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তু ও এতে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে দেশটির একটি তেল স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ওই হামলায় অন্তত ৭৩ জন আহত হওয়ার কথাও জানানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে বাব এল-মান্দেব প্রণালীর কাছাকাছি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে গত সপ্তাহে হুথিরা বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর ইয়েমেনে সংঘাত আবারও তীব্র হয়ে ওঠে। গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি সৌদি আরবের তেল রপ্তানির জন্যও গুরুত্বপূর্ণ।

বিশেষ করে হরমুজ প্রণালী ইরানের অবরোধের মুখে পড়ার পর সৌদি তেল রপ্তানির ক্ষেত্রে বাব এল-মান্দেবের গুরুত্ব আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এএফপি উভয় পক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে হিসাব করে জানিয়েছে, চলমান সংঘাতে এ পর্যন্ত ৫০০ জনের বেশি যোদ্ধা ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

সংঘাতের সর্বশেষ পরিস্থিতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের ব্যাপক বিমান হামলা এবং হুথিদের পাল্টা হামলা ইয়েমেনে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD