দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল আনোয়ার ইব্রাহিম

কূটনৈতিক বৈঠক ও আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে ভারতের নয়াদিল্লিতে ভিন্ন এক মুহূর্তের জন্ম দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে আয়োজিত এক নৈশভোজে ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের জনপ্রিয় গান গেয়ে অতিথিদের চমকে দেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (১৩ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লিতে অবস্থান করছেন আনোয়ার ইব্রাহিম। সম্মেলনের আনুষ্ঠানিকতার বাইরে আয়োজিত এক সান্ধ্য অনুষ্ঠানে তিনি কিশোর কুমারের ১৯৬৫ সালের জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ পরিবেশন করেন।
‘তিন দেবিয়ান’ সিনেমার এই গানটি লাইভ পিয়ানোর সঙ্গে গেয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। গানটির সুরকার ছিলেন এস ডি বর্মন এবং গীতিকার মজরুহ সুলতানপুরী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আনোয়ারের গানের পরিবেশনা নৈশভোজের আনুষ্ঠানিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। রাজনৈতিক আলোচনা ও কূটনৈতিক ব্যস্ততার বাইরে তার এই সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ভারত ও মালয়েশিয়ার সাংস্কৃতিক বন্ধুত্বের একটি উষ্ণ মুহূর্তও সামনে আসে।
পরে নিজের গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আনোয়ার। প্রকাশের পর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই তার কণ্ঠের প্রশংসা করার পাশাপাশি ভারতে তার সফরের অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেন, আনোয়ার খুব ভালো গান গেয়েছেন এবং আশা করেন ভারতে তার সময় ভালো কেটেছে। আরেকজন মালয়েশিয়াকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করে দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
মালয়েশিয়ায় বসবাসরত এক ভারতীয় প্রবাসীও আনোয়ারের গানে বিস্ময় প্রকাশ করেন। তার মন্তব্য, আনোয়ার এত ভালো গান গাইতে পারেন, এটি তার জানা ছিল না।
ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আনোয়ার ইব্রাহিমের এই সাংস্কৃতিক পরিবেশনা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরেকটি ভিন্ন দিক তুলে ধরেছে।
সূত্র: এনডিটিভি








