এআই না জানলে মুসলিম সমাজ উপনিবেশে পরিণত হবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তির বিকাশে পিছিয়ে পড়লে মুসলিম সমাজ আবারও বাইরের প্রভাব ও উপনিবেশের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোঝিকোড়ে শেখ আবু বকর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রথম এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পর বক্তব্য দেন আনোয়ার ইব্রাহিম। এ সময় তিনি বলেন, ‘জ্ঞান না থাকলে আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা না বুঝলে আমরা উপনিবেশে পরিণত হব।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আলেম সমাজ ও ধর্মীয় পণ্ডিতদের আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বর্তমান সময়ের নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জগুলো অনুধাবন করতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে প্রযুক্তিগত অগ্রগতি যেন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের মূল শক্তিতে ব্যাঘাত না ঘটায় সেদিকে জোর দেন তিনি। তিনি বলেন, ‘আমাদের জ্ঞান ও দক্ষতার প্রয়োজন রয়েছে, কিন্তু প্রযুক্তির বিকাশ যেন আমাদের ইমান ও নৈতিক মূল্যবোধ রক্ষা করে তা নিশ্চিত করতে হবে।’
প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে তীব্র বিতর্ক চলা সত্ত্বেও মুসলিম আলেম ও সমাজ এই চ্যালেঞ্জগুলোর দিকে পর্যাপ্ত মনোযোগ দিচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম। প্রযুক্তিগত অগ্রগতি যেন জ্ঞান, নীতি ও ধর্মীয় আদর্শের ওপর ভিত্তি করে গড়ে ওঠে তা সুনিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কান্থাপুরাম এ. পি. আবুবকর মুসলিয়ার কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন আনোয়ার ইব্রাহিম। নয়া দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর কেরালা সফরে যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
সূত্র: আনাদোলু এজেন্সি








