ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি আরবের বিমান হামলা, নিহত ৬

ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী বন্দরশহর মোখায় সৌদি আরবের বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমটির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে মোখায় সৌদি বিমান বাহিনী বোমাবর্ষণ করে। এতে নিহত ও আহত সবাই বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছেন।
হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে সৌদি বিমান হামলা বেড়েছে বলে দাবি করেছেন গোষ্ঠীটির নেতারা। তাদের তথ্য অনুযায়ী, ১১ থেকে ১৮ সেপ্টেম্বর—এই সাত দিনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা ও সামরিক-লজিস্টিক স্থাপনা লক্ষ্য করে প্রায় ৩০০টি বিমান অভিযান চালিয়েছে সৌদি বাহিনী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, গত ১৬ সেপ্টেম্বর হুথি বাহিনী সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এ-সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে গোষ্ঠীটি। পাশাপাশি সৌদি আরবের জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনায় সাম্প্রতিক সময়ে একাধিক হামলা চালানোর দাবিও করেছে হুথিরা।
বিজ্ঞাপন
আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যে সৌদি আরবের জ্বালানি স্থাপনায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথিরা। তবে এসব দাবি ও মোখায় হামলায় হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও আশপাশের গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরেও উত্তেজনা বেড়েছে।
সূত্র: এএফপি








