ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টিতে বন্যা, ভূমিধসে ৫৬ জন নিহত

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা তিন দিনের অতিভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারের বেশি ঘরবাড়ি।
বিজ্ঞাপন
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ কোটিরও বেশি মানুষের আবাসস্থল উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে রাজ্যটিতে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের ঘটনা ঘটে।
রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, এবার বিস্তীর্ণ এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে ৫৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে প্রবেশের পর বৃষ্টির তীব্রতা বেড়ে যায় বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সরকারি হিসাবে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তর প্রদেশে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অথচ এ সময়ে রাজ্যটির স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।
বিজ্ঞাপন
টানা বৃষ্টি ও দুর্যোগে এক হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় বন্যার পাশাপাশি ভূমিধসের কারণে জনজীবন ব্যাহত হয়েছে।
ভারতের আবহাওয়া দফতর সাম্প্রতিক বছরগুলোতে বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে আসছে। পরিবেশ বিশেষজ্ঞদের অনেকে এসব ঘটনার সঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের সম্পর্কের কথা উল্লেখ করেছেন।








