Logo

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরাতে বিধানসভায় প্রস্তাব পাস

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১৫
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরাতে বিধানসভায় প্রস্তাব পাস
ছবি: সংগৃহীত

ভারত-শাসিত জম্মু ও কাশ্মিরের বিধানসভায় অঞ্চলটির পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের দাবিতে একটি প্রস্তাব পাস হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর উত্থাপিত প্রস্তাবটি বিজেপি বিধায়কদের ওয়াকআউটের মধ্যে পাস হয়।

বিজ্ঞাপন

প্রস্তাবে ভারত সরকারকে জম্মু ও কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ‘অবিলম্বে ও জরুরি ভিত্তিতে’ পুনর্বহালের আহ্বান জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা এই অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ।

তবে প্রস্তাবের ভাষা নিয়ে বিধানসভায় তীব্র বিতর্ক হয়। বিজেপি বিধায়কদের আপত্তি ছিল বিশেষ করে ২০১৯ সালের আগে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা ও স্বায়ত্তশাসনের প্রসঙ্গ প্রস্তাবে যুক্ত করা নিয়ে। বিজেপির বিরোধীদলীয় নেতা সুনীল শর্মা বলেন, দলটি রাজ্যের মর্যাদা ফেরানোর পক্ষে থাকলেও প্রস্তাবে ব্যবহৃত ভাষা তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

প্রস্তাবটি নিয়ে আলোচনার সময় বিজেপি বিধায়কেরা প্রতিবাদ করেন এবং পরে ভোটাভুটির আগে ওয়াকআউট করেন। এর আগে বিজেপি বিধায়কেরা প্রস্তাবটিকে ‘অসাংবিধানিক’ ও ‘রাষ্ট্রবিরোধী’ বলে সমালোচনা করেছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ওমর আবদুল্লাহর উত্থাপিত প্রস্তাবে ২০০০ সালে জম্মু ও কাশ্মির বিধানসভায় পাস হওয়া স্বায়ত্তশাসন-সংক্রান্ত প্রস্তাব এবং ২০২৪ সালের বিশেষ মর্যাদা ও সাংবিধানিক নিশ্চয়তা পুনর্বহালের দাবির কথাও উল্লেখ করা হয়েছে। ২০০০ সালের প্রস্তাবটি জম্মু ও কাশ্মিরের ১৯৫৩ সালের আগের সাংবিধানিক অবস্থান ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল।

২০১৯ সালের আগস্টে ভারত সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের আওতায় জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে। একই বছর অঞ্চলটিকে পুনর্গঠন করে জম্মু ও কাশ্মির এবং লাদাখ—দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়।

এরপর ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের মাধ্যমে জম্মু ও কাশ্মিরে নির্বাচিত সরকার গঠিত হয়। বর্তমানে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। নির্বাচিত সরকার থাকলেও অঞ্চলটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

রাজ্যের মর্যাদা পুনর্বহালের দাবি অবশ্য নতুন নয়। ২০২৪ সালে ওমর আবদুল্লাহর নেতৃত্বাধীন মন্ত্রিসভাও জম্মু ও কাশ্মিরের রাজ্যের মর্যাদা ‘মূল রূপে’ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে প্রস্তাব গ্রহণ করেছিল।

এবারের প্রস্তাব পাসের মাধ্যমে রাজ্যের মর্যাদা পুনর্বহালের দাবি আবারও বিধানসভার আনুষ্ঠানিক আলোচনার কেন্দ্রে এসেছে। তবে বিধানসভার এমন প্রস্তাব নিজে থেকে কেন্দ্রীয় সরকারের ওপর আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত তৈরি করে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD