হরমুজের পর এবার আরব সাগর থেকেও শত্রুদের তাড়াব: মোজতাবা

আরব সাগর থেকেও বিদেশি ‘শত্রু বাহিনীকে’ সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনি। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক বার্তায় তিনি দাবি করেন, ইরানি বাহিনীর প্রতিরোধের মুখে শত্রু বাহিনী দক্ষিণ ইরানের জলসীমা থেকে আরব সাগরের দিকে সরে যেতে বাধ্য হয়েছে।
বিজ্ঞাপন
খামেনির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বার্তায় বলা হয়, হরমুজ প্রণালির রক্ষাকারী ইরানি বাহিনীর ‘ব্যথাদায়ক আঘাতের’ কারণে শত্রু বাহিনী আরব সাগরের বাইরে এগোতে সাহস করছে না। তিনি দাবি করেন, তারা যখনই ঝুঁকি নিয়ে আরও এগোনোর চেষ্টা করেছে, তখনই ক্ষতির মুখে পড়েছে।
খামেনি বলেন, খুব শিগগির এমন সময় আসবে, যখন আরব সাগরও শত্রু বাহিনীর উপস্থিতি থেকে মুক্ত হবে। তাঁর এই বক্তব্য মূলত ইরানের সামরিক প্রতিরোধের সক্ষমতা তুলে ধরার বার্তা হিসেবে এসেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বার্তায় ইরানের শক্তি নিয়েও মন্তব্য করেন খামেনি। তিনি বলেন, কেউ কেউ ইরানকে বিশ্বের চতুর্থ পরাশক্তি হিসেবে বিবেচনা করেন; তবে ‘ঐশ্বরিক হিসাব’ অনুযায়ী ইরানই বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি—এমন দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
দেশটির জনগণের রাজপথ ও বিভিন্ন স্থানে উপস্থিত থাকার কথাও উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি জনগণের এই উপস্থিতিকে ‘দায়িত্বশীল উপস্থিতি’ হিসেবে উল্লেখ করে তাদের প্রশংসা করেন।
খামেনির এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। একই সময়ে ওয়াশিংটন তেহরানের সাত দিনের হরমুজ-সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ইরান মার্কিন আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা ও জাহাজ চলাচলে বাধা আন্তর্জাতিক তেল সরবরাহ ও বাজারে প্রভাব ফেলছে।








