Logo

‘মাথা নত করব না’, বাহুবলী দিয়ে পেজেশকিয়ানের বার্তা ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০৬
‘মাথা নত করব না’, বাহুবলী দিয়ে পেজেশকিয়ানের বার্তা ইরানের
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ‘মাথা নত না করার’ বক্তব্যকে এবার জনপ্রিয় ভারতীয় সিনেমা ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর যুদ্ধের দৃশ্যের সঙ্গে যুক্ত করেছে হায়দরাবাদে অবস্থিত ইরানি কনস্যুলেট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই ভিডিওতে অভিনেতা প্রভাসের অভিনীত বাহুবলীকে কালকেয়া বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়।

বিজ্ঞাপন

২৭ সেপ্টেম্বর ভিডিওটি পোস্ট করে ইরানি কনস্যুলেট। সেখানে পেজেশকিয়ানের জাতিসংঘের বক্তব্যের একটি অংশ তুলে ধরে লেখা হয়, “Will never bow our head or bend the knee”। এরপর বাহুবলী যেভাবে সংখ্যায় অনেক বেশি শত্রুর বিরুদ্ধে লড়াই করছেন, সেই দৃশ্যের সঙ্গে ইরানের অবস্থানের একটি প্রতীকী মিল তুলে ধরা হয়।

কনস্যুলেটের পোস্টে বলা হয়, বাহুবলী যেমন কালকেয়াদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়েছেন, তেমনি ইরানও দেশের জন্য ত্যাগ স্বীকার করে চাপের কাছে নত হবে না। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কূটনৈতিক বার্তায় ভারতীয় জনপ্রিয় সংস্কৃতির এমন ব্যবহার নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ বিষয়টিকে ইরানের সৃজনশীল সামাজিক যোগাযোগমাধ্যম কৌশল হিসেবে দেখেছেন।

এর আগে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন পেজেশকিয়ান। বক্তব্যে তিনি বলেন, নিষেধাজ্ঞা, বাড়তি চাপ ও হুমকির মুখে ইরানের জনগণের প্রতিরোধ আরও বাড়বে। একই সঙ্গে তিনি বলেন, “We will never bow our head or bend at the knee.”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে পেজেশকিয়ানের বক্তব্যে শুধু কঠোর অবস্থানের কথাই ছিল না। তিনি কূটনীতি ও আলোচনার পথও খোলা রাখার কথা বলেন। ইরান বিশ্বের সঙ্গে সহযোগিতার জন্য প্রস্তুত, তবে শক্তি প্রয়োগের ভাষায় কোনো আলোচনা নয়—এমন অবস্থানও তুলে ধরেন তিনি।

ইরানি কনস্যুলেটের ব্যবহৃত দৃশ্যটি ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী: দ্য বিগিনিং’ সিনেমার। এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটিতে প্রভাস শিবুডু ও অমরেন্দ্র বাহুবলীর চরিত্রে অভিনয় করেন। রানা দাগ্গুবাটি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রাম্যা কৃষ্ণন ও সত্যরাজও এতে অভিনয় করেন। সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ মুক্তি পায় ২০১৭ সালে।

এভাবে একটি জনপ্রিয় ভারতীয় সিনেমার পরিচিত যুদ্ধদৃশ্যকে নিজেদের রাজনৈতিক বার্তার সঙ্গে যুক্ত করেছে ইরানের হায়দরাবাদ কনস্যুলেট। পোস্টটি ইরানের কূটনৈতিক যোগাযোগে জনপ্রিয় সংস্কৃতির এমন ব্যবহারের একটি আলোচিত উদাহরণ হয়ে উঠেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD