Logo

যুক্তরাষ্ট্রকে মহাপ্রলয় দেখানোর কঠোর হুঁশিয়ারি দিলো ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪৭
যুক্তরাষ্ট্রকে মহাপ্রলয় দেখানোর কঠোর হুঁশিয়ারি দিলো ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ও আঞ্চলিক ভূরাজনীতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নতুন করে মার্কিন হামলা হলে ইরান ‘ডুমসডে ওয়ার’-এর জন্য প্রস্তুত বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সামরিক সংঘাতের আশঙ্কা থাকলেও ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রেখেছে তেহরান।

বিজ্ঞাপন

এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ইরান নতুন কোনো আগ্রাসনের মুখে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবে। তিনি জানান, আগের সংঘাতের অভিজ্ঞতা থেকে ইরান তাদের সামরিক কৌশলে পরিবর্তন এনেছে এবং সম্ভাব্য নতুন হামলা মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে।

এর পাশাপাশি কূটনীতির বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরান একই সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত এবং যুদ্ধের সম্ভাবনাও মোকাবিলায় প্রস্তুত।

হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিক করার বিষয়ে ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী, মার্কিন সামরিক চাপ কমানো, ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং অন্যান্য শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে প্রণালিটি খুলে দিয়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার কথা বলা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আরাঘচির বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর কয়েক দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে এবং সপ্তম দিনে চূড়ান্ত সমঝোতা নিয়ে আলোচনা শুরু করার সুযোগ থাকবে।

তবে ওয়াশিংটন তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের বক্তব্য অনুযায়ী, ইরানের প্রস্তাবে নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ থাকা অর্থের প্রবেশাধিকারসহ বিভিন্ন সুবিধা আগে দেওয়ার দাবি ছিল। ওয়াশিংটন এটিকে আলোচনার আগে বড় ধরনের ছাড় আদায়ের প্রচেষ্টা হিসেবে দেখছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন। তিনি এর আগে বলেছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে অচলাবস্থা বিশ্ব জ্বালানি বাজারেও প্রভাব ফেলছে। প্রণালিটি আন্তর্জাতিক তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় সেখানে জাহাজ চলাচলে বিঘ্ন অব্যাহত থাকলে সরবরাহ ও দামের ওপর চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD