সাত দশকের সঙ্গীকে হারিয়ে শোকে কাতর মাহাথির মোহাম্মদ

দীর্ঘ সাত দশকের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। শারীরিক অসুস্থতা সত্ত্বেও স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর শেষযাত্রা ও দাফনে হুইলচেয়ারে বসে পুরো সময় উপস্থিত ছিলেন শতবর্ষী এই প্রবীণ রাজনীতিক।
বিজ্ঞাপন
সিতি হাসমাহর শেষকৃত্যকে ঘিরে মালয়েশিয়াজুড়ে নেমে আসে শোকের আবহ। পারিবারিক বাসভবন থেকে শ্রদ্ধা নিবেদন ও জানাজার জন্য তার মরদেহ তামান সুংগাই বেসি ইন্দাহর মসজিদ আস-শরিফে নেওয়া হলে সেখানে হাজারো মানুষ উপস্থিত হন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জানাজা ও শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে মাহাথিরের নাকে অক্সিজেনের নল দেখা যায়। দীর্ঘ জীবনের সঙ্গীর মরদেহের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকা তাকে অত্যন্ত বিষণ্ন ও আবেগাপ্লুত দেখায়। পরে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে স্ত্রীর জানাজার নামাজে অংশ নেন।
এরপর সিতি হাসমাহর মরদেহ দাফনের জন্য পুত্রজায়ার ২০ নম্বর প্রিসিঙ্কটের ন্যাশনাল সিমেট্রিতে নেওয়া হয়। মোটরচালিত হুইলচেয়ারে বসে পরিবারের সদস্যদের সঙ্গে স্ত্রীর দাফনের পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করেন মাহাথির।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।








