মাহাথিরের স্ত্রীর মৃত্যুতে শোক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির অগ্রণী চিকিৎসক ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় ১০০ বছর বয়সে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছেলে তান শ্রী মোখজানি মাহাথির নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ড. সিতি হাসমাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ‘ইন্টারন্যাশনাল ফিউচার কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী বক্তব্য দেওয়ার আগে তিনি তার মৃত্যুতে শোক জানান এবং সম্মেলনে উপস্থিতদের তার আত্মার মাগফিরাত কামনায় সূরা ফাতিহা পাঠের আহ্বান জানান।
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমরা টুন মাহাথির ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সবসময় তার সেবা ও দেশের প্রতি নিষ্ঠার কথা স্মরণ করব।’ তিনি আরও বলেন, মাহাথিরের প্রধানমন্ত্রীত্বের সময়ে ড. সিতি হাসমাহ দাতব্য কর্মকাণ্ড এবং মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে প্রধানমন্ত্রী জানান, ড. সিতি হাসমাহকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশটির প্রধান সচিব ও প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
চিকিৎসক হিসেবে দীর্ঘ কর্মজীবনে ড. সিতি হাসমাহ জনস্বাস্থ্য, মাতৃ ও শিশুসেবা, টিকাদান এবং গ্রামীণ নারীদের উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। বারনামার প্রতিবেদনে তাকে মালয়েশিয়ার প্রথমদিককার নারী চিকিৎসকদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে।
ড. সিতি হাসমাহর মৃত্যুতে স্বামী মাহাথির মোহাম্মদ ও সাত সন্তানসহ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠান। তার মরদেহ পুত্রজায়ার পুসারা নেগারায় সমাহিত করার কথা রয়েছে।








