Logo

প্রচারণার পোস্টার মেরামত করতে গিয়ে ধর্ষণের শিকার প্রার্থী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬, ১২:৪৮
প্রচারণার পোস্টার মেরামত করতে গিয়ে ধর্ষণের শিকার প্রার্থী
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার পোস্টার মেরামত করতে গিয়ে দুই ব্যক্তির ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস নির্বাচনের প্রার্থী বার্নাডেট গ্রিন-প্লাসেনশিয়া। গত ১৪ আগস্ট ভোররাতে ফিনিক্সের উপশহর সান সিটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি। ঘটনার দুই সপ্তাহের বেশি সময় পর, ৩১ আগস্ট পুলিশের কাছে অভিযোগ করেন এই ডেমোক্র্যাট প্রার্থী। বর্তমানে ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

বিজ্ঞাপন

মারিকোপা কাউন্টি শেরিফের দপ্তরের প্রতিবেদন ও প্রার্থীর নির্বাচনী প্রচারশিবিরের তথ্য অনুযায়ী, ঘটনার সময় প্রচারণার পোস্টার লাগানো ও মেরামতের কাজ করছিলেন গ্রিন-প্লাসেনশিয়া। কাজ শেষে গাড়ির দিকে ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তার মাথার পেছনে আঘাত করেন বলে অভিযোগ। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। কীভাবে বা কতবার আঘাত করা হয়েছিল, তা মনে করতে পারেননি তিনি। হামলার সুনির্দিষ্ট স্থানও নিশ্চিত করতে পারেননি তিনি কিংবা তদন্তকারীরা।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, জ্ঞান ফেরার পর একজনকে তাকে যৌন নির্যাতন করতে দেখেন বলে জানান গ্রিন-প্লাসেনশিয়া। অন্য ব্যক্তিও তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় তাকে চেপে ধরে রাখা হয়েছিল, যার ফলে দুই হাতে কালশিটে দাগ পড়ে। পা দিয়ে লাথি মেরে প্রতিরোধের চেষ্টাও করেছিলেন বলে তদন্তকারীদের জানিয়েছেন তিনি।

অভিযুক্তদের চেহারা বা পোশাক সম্পর্কে স্পষ্ট কোনো স্মৃতি নেই প্রার্থীর। তবে একজনের কালো বুট ও ছোট পায়ের কথা মনে আছে বলে জানিয়েছেন তিনি। পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার একপর্যায়ে একজনকে ডেমোক্র্যাট নারী বলে গাল দিতে শুনেছিলেন বলে দাবি করেন তিনি। তবে পরে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিন-প্লাসেনশিয়া বলেন, সে সময় ঠিক কী শুনেছিলেন, তা নিয়ে তিনি নিশ্চিত নন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অ্যারিজোনার অষ্টম কংগ্রেসনাল আসন থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী গ্রিন-প্লাসেনশিয়া। তার নির্বাচনী এলাকার মধ্যে ফিনিক্সের কিছু অংশ এবং সান সিটিসহ আশপাশের অঞ্চল রয়েছে। তিনি জানান, গ্রীষ্মের প্রচণ্ড গরম এড়াতে সাধারণত রাত ১২টা থেকে ২টার মধ্যে প্রচারণার পোস্টার লাগানো বা মেরামতের কাজ করতেন। এ সময় তার সঙ্গে সাধারণত অন্তত একজন থাকতেন।

ঘটনার পর বাড়ি ফিরে গোসল করেন তিনি। পুলিশকে জানান, একাধিকবার গোসল করার পাশাপাশি বাথটাবেও গোসল করেছিলেন। তবে হাসপাতালে যাননি এবং যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য নির্ধারিত বিশেষ চিকিৎসা বা নমুনা পরীক্ষাও করাননি। পরে পোশাক ধুয়ে ফেলায় সেখান থেকে সম্ভাব্য ডিএনএ নমুনা সংগ্রহের সুযোগ সীমিত হয়ে পড়ে। শরীরে কালশিটে দাগ কিংবা মাথার ফোলার কোনো ছবিও তোলেননি বলে পুলিশি প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

গত ১ সেপ্টেম্বর শেরিফের দপ্তর আবার তার সঙ্গে যোগাযোগ করে। তখন গ্রিন-প্লাসেনশিয়া জানান, মাথার পেছনের বাঁ দিকে বড় ধরনের ফোলা ছিল। বাঁ হাতেও হাতের ছাপের মতো দেখতে লম্বাটে তিনটি কালশিটে দাগ হয়েছিল। এ ছাড়া ঘটনার পর দুই থেকে তিন দিন যোনিপথে রক্তপাত হয়েছিল বলেও জানান তিনি। অভিযুক্তরা শ্বেতাঙ্গ পুরুষ হতে পারেন বলে তার ধারণা। তবে তারা হেঁটে চলে গিয়েছিলেন, নাকি গাড়িতে করে পালিয়েছিলেন, তা মনে করতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই স্বামী কিংবা নির্বাচনী প্রচারশিবিরের কর্মীদের বিষয়টি জানাননি গ্রিন-প্লাসেনশিয়া। দুই থেকে তিন দিন পর স্বামী আলেকজান্ডার প্লাসেনশিয়া এবং প্রচারশিবিরের দুই কর্মীকে ঘটনাটি জানান। পরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে দীর্ঘ পথ গাড়ি চালিয়ে নিজেকে সামলাতে পারলেও এমন পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে না পারায় তিনি ক্ষুব্ধ ও বিব্রত বোধ করেছিলেন। শুরুতে বিষয়টি নিয়ে কথা বলতেও চাননি।

প্রার্থীর ভাষ্য, ঘটনার পর প্রায় দুই সপ্তাহ ধরে তিনি ক্ষুব্ধ ছিলেন। তার ২১ বছর বয়সী মেয়েও এখন মায়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। মেয়েটি জানত, তার মা দীর্ঘ পথ গাড়ি চালিয়ে নিজের যত্ন নিতে পারেন। কিন্তু এ ঘটনার পর সেই আত্মবিশ্বাসে আঘাত লেগেছে বলে জানান তিনি।

পরে অবশ্য প্রকাশ্যে নিজের অভিজ্ঞতা তুলে ধরার সিদ্ধান্ত নেন গ্রিন-প্লাসেনশিয়া। তিনি বলেন, যৌন নির্যাতনের শিকার অনেক নারী লজ্জা, ভয় কিংবা মানসিক কষ্টের কারণে নীরব থাকেন। অন্য নারীদের সাহস জোগাতে এবং এমন ঘটনার জন্য ভুক্তভোগীরা দায়ী নন—এই বার্তা দিতেই তিনি মুখ খুলেছেন।

বিজ্ঞাপন

প্রার্থীর প্রচারশিবিরের মুখপাত্র ক্রেইগ বেকম্যান সিএনএনকে বলেন, ঘটনাটি নিয়ে প্রকাশ্যে কথা বলা গ্রিন-প্লাসেনশিয়ার জন্য অত্যন্ত কঠিন ছিল। তবে নীরবে কষ্ট পাওয়া অন্য ভুক্তভোগীরা যেন নিজেদের একা মনে না করেন, সে কারণেই তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

এদিকে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ও বর্তমান কংগ্রেস সদস্য আব্রাহাম হামাদেহ অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। ঘটনার সময় ও স্থানসংক্রান্ত সম্ভাব্য সব নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত এবং আইন অনুযায়ী বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

গ্রিন-প্লাসেনশিয়া মনে করেন, জনপরিচিত কেউ নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে তুলে ধরলে অন্য নারীরাও অভিযোগ জানাতে সাহস পেতে পারেন। সাধারণ মানুষ ও শ্রমজীবীদের কণ্ঠস্বর তুলে ধরার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নেওয়া এই প্রার্থীর ভাষ্য, এখন যৌন নির্যাতনের শিকার নারীদের পক্ষেও কথা বলার সুযোগ তৈরি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD