আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা ভুল ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা ইসরায়েলের জন্য ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। তাঁর মতে, খামেনিকে হত্যার মধ্য দিয়ে ইসরায়েলের জাতীয় স্বার্থ সুরক্ষিত হয়নি।
বিজ্ঞাপন
গোলান বলেন, “আমি দ্ব্যর্থহীনভাবে মনে করি, খামেনিকে হত্যা করা ভুল ছিল। কারণ এই হত্যাকাণ্ড ইসরায়েল রাষ্ট্রের স্বার্থে কাজ করেনি।” কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর প্রথম দিকের হামলায় আলী খামেনি নিহত হন। ওই হামলায় ইরানের আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়া যায়।
খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। বিশ্লেষকদের একাংশের ধারণা, মোজতবা তাঁর বাবার তুলনায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বেশি আগ্রহী হতে পারেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আলী খামেনির রাজনৈতিক অবস্থানের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল পারমাণবিক অস্ত্রের বিরোধিতা। ২০০৩ সালে তিনি পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহারের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর যুক্তি ছিল, এ ধরনের অস্ত্র ইসলামের শিক্ষার পরিপন্থী।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়েও প্রশ্ন তুলেছেন ইয়ার গোলান। তাঁর মতে, ইরানের সরকার পরিবর্তনের এই লক্ষ্য বাস্তবসম্মত নয়।
গোলানের বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার কৌশলগত পরিণতি এবং ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক লক্ষ্য অর্জনের কার্যকারিতা নিয়ে বিতর্ক নতুন করে সামনে এসেছে।








