কাতারের উত্তর উপকূলে ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের উত্তর উপকূলের কাছে একটি বহুজাতিক তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) হামলার তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
ইউকেএমটিও জানায়, বুধবার মদিনাত আশ শামাল থেকে প্রায় ৯৪ কিলোমিটার উত্তরে সমুদ্রসীমায় ট্যাঙ্কারটিতে হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটলেও নিহত বা আহতের সঠিক সংখ্যা প্রকাশ করেনি সংস্থাটি। ঘটনার তদন্ত চলছে। আক্রান্ত জাহাজটি কোন দেশের পতাকাবাহী ছিল, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
বাণিজ্যিক নৌ পরিবহনবিষয়ক সাময়িকী দ্য মেরিটাইম এক্সিকিউটিভ জানিয়েছে, পারস্য উপসাগরের মধ্যাঞ্চল কিংবা পশ্চিমাংশে তেলবাহী ট্যাঙ্কারে এ ধরনের হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল। কাতারের এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলে হামলার ঘটনা ঘটলেও দেশটির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই কাতারের উপকূলের কাছে ট্যাঙ্কারে এই হামলার ঘটনা ঘটল। যুদ্ধ শুরুর আগে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন গড়ে ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ চলাচল করত। বৈশ্বিক অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ সরবরাহ এই পথের ওপর নির্ভরশীল ছিল।
বিজ্ঞাপন
ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, চলতি অক্টোবরের শুরুতেই হরমুজ প্রণালিতে নয়টি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। সেপ্টেম্বর মাসজুড়ে হওয়া হামলার তুলনায় এই সংখ্যা প্রায় অর্ধেক।
অন্যদিকে কেপলারের তথ্য বলছে, হামলার ঘটনা অব্যাহত থাকলেও গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি যুদ্ধ শুরুর আগের দৈনিক ১৮ মিলিয়ন ব্যারেলের গড় ছাড়িয়ে ১৮ দশমিক ৩ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে।
সূত্র: আল জাজিরা








