দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক প্রায় ৫ হাজার

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। আটক ব্যক্তিদের শহরের বিভিন্ন স্থানে স্থাপিত অস্থায়ী আটককেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লিতে প্রায় ১৪ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। তাঁদের মধ্যে ১০ হাজার পুরুষ ও চার হাজার নারী পুলিশ সদস্য রয়েছেন। দিল্লি পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং উত্তর প্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করছেন।
যন্তরমন্তরে কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি বামপন্থী সংগঠন। তবে কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।
বিজ্ঞাপন
বিক্ষোভ ঘিরে পুলিশের অভিযানের সময় কয়েকজন সাংবাদিককেও আটক করা হয়। তাঁদের মধ্যে হিন্দি দৈনিক নভভারত টাইমস এবং ডিজিটাল সংবাদমাধ্যম স্ক্রল ডট ইন ও নিউজলন্ড্রির সাংবাদিকেরা ছিলেন। পরে তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, বিক্ষোভ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমের ৫০টির বেশি পোস্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা।
আটক অবস্থায় দাদির মৃত্যুসংবাদ পেলেন অভিজিৎ
বিক্ষোভের মধ্যে আটক থাকা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তাঁর দাদির মৃত্যুসংবাদ পেয়েছেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, শনিবার মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামের পৈতৃক বাড়িতে ৮৫ বছর বয়সে মারা যান সাবিত্রীবাই শঙ্কররাও দীপকে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন অসুস্থ থাকার পর সকাল সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। প্রায় এক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। এর আগে তাঁকে হিঙ্গোলির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, আটক অবস্থায় অভিজিৎকে তাঁর দাদির মৃত্যুর খবর জানানো হয়েছে। এখন তিনি আটক থাকা অবস্থায় আন্দোলন চালিয়ে যাবেন, নাকি দাদির শেষকৃত্যে অংশ নিতে বাড়ি ফিরবেন, সে সিদ্ধান্ত তাঁর ওপর নির্ভর করছে।
শীর্ষ নেতারা আটক, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
বিজ্ঞাপন
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছানোর পর অভিজিৎ দীপকে, সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা এবং মুখপাত্র সৌরভ দাসকে আটক করে পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীর্ষ নেতারা আটক থাকলেও আন্দোলন অব্যাহত থাকবে। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে বিরোধীদের অভিযোগ এবং নির্বাচন কমিশনপ্রধানের পদত্যাগের দাবি ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।








