আবারও দিল্লি পুলিশের হাতে আটক অভিজিৎ দিপকে

ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিতে যোগ দেওয়ার কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নয়াদিল্লিতে নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বিজ্ঞাপন
এর আগে জাতীয় পতাকা নিয়ে ‘তিরঙ্গা যাত্রা’ আয়োজন না করার নির্দেশ দিতে দিপকের বাসায় যান দিল্লি পুলিশের সদস্যরা। শুক্রবার বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তিরঙ্গা’ বা পতাকা উত্তোলন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছিলেন তিনি।
এ ঘটনায় পুলিশের সঙ্গে দিপকের কথোপকথনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের পুরুষ ও নারী সদস্যদের একটি দল তাঁর বাসায় প্রবেশ করছেন। প্রকাশিত একটি ছবিতে বসার ঘরে দিপকের মুখোমুখি সোফায় বসে থাকা এক পুলিশ সদস্যের হাতে কাগজপত্র দেখা যায়।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালায় অবস্থিত বাসায় গিয়ে পুলিশ দিপকেকে সেন্ট্রাল পার্কে না যাওয়ার নোটিশ দেয়। বাসাটি মহারাষ্ট্রের এনসিপি (শারদ পাওয়ার) দলের নেতা ও মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কনট প্লেস এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। এ অবস্থায় আইন মেনে চলা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার জন্য দিপকেকে নির্দেশ দেওয়া হয়।
পুলিশের নোটিশ দেখলেও কর্মসূচি বাতিল করতে রাজি হননি দিপকে। সে সময় পুলিশ জানিয়েছিল, নোটিশ দেওয়ার পর তারা সেখান থেকে চলে এসেছে। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকেও পুলিশ ও দিপকের কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করা হয়, যা এনডিটিভির প্রতিবেদনেও স্থান পায়।
এরপরই দিপকেকে আটকের খবর সামনে আসে। শুক্রবারের এই ঘটনায় দিল্লি পুলিশের পক্ষ থেকে আটকের বিস্তারিত কারণ বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে প্রতিবেদনে অতিরিক্ত তথ্য দেওয়া হয়নি।








