অবশেষে নেতানিয়াহুর প্রতি প্রকাশ্যে সমর্থন দিলেন ট্রাম্প

ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহু ও তাঁর ডানপন্থি লিকুদ পার্টি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্যও ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তিনি।
পোস্টে ট্রাম্প বলেন, নিজ দেশেও বিরোধিতার মুখে পড়েছেন নেতানিয়াহু। নানা বাধা ও চাপের মধ্যেও তিনি শক্তিশালী, সাহসী এবং বিচক্ষণ নেতৃত্ব দিয়েছেন। কঠিন পরিস্থিতিতে অনেকে নতি স্বীকার করলেও নেতানিয়াহু আরও দৃঢ় হয়েছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
ইসরায়েলের জনগণের উদ্দেশে দেওয়া বার্তায় ট্রাম্প জানান, নেতানিয়াহু যেন আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন, সে জন্য তিনি তাঁকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ট্রাম্পের এই সমর্থন নির্বাচনে নেতানিয়াহুর অবস্থান কতটা শক্তিশালী করবে, তা নিয়ে অবশ্য অনিশ্চয়তা রয়েছে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য তৈরি হওয়ায় ইসরায়েলিদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন জনমত জরিপের তথ্য অনুযায়ী, নির্বাচনের পর সরকার গঠনের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো পক্ষই স্পষ্ট সুবিধাজনক অবস্থানে নেই। ইসরায়েলে সরাসরি জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন না। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে জোট গঠন করতে হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই ইসরায়েলের প্রথম জাতীয় নির্বাচন। ওই হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। পরবর্তী সময়ে লেবানন ও ইরানকে ঘিরেও সংঘাত ছড়িয়ে পড়ে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিজ্ঞাপন
এবারের নির্বাচনের ফল নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংকটপূর্ণ পরিস্থিতিতে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন, নাকি মধ্যপন্থি প্রতিদ্বন্দ্বীদের কাছে পরাজিত হবেন—সেদিকেই এখন নজর রাজনৈতিক বিশ্লেষকদের। বিরোধী নেতারা ক্ষমতায় এলে দেশটির রাজনীতিতে নতুন অধ্যায় শুরুর প্রতিশ্রুতি দিচ্ছেন।
এদিকে ট্রাম্পের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন প্রেসিডেন্টকে ‘প্রিয় বন্ধু ডোনাল্ড’ বলে সম্বোধন করে তিনি লেখেন, ‘একসঙ্গে আমরা আমাদের লক্ষ্য পূরণ করব।’
সূত্র: রয়টার্স








