Logo

অস্ট্রেলিয়ায় নির্বাচনী কার্যালয়ের সামনে মহিলা এমপিকে গাড়িচাপা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬, ১৮:৩২
অস্ট্রেলিয়ায় নির্বাচনী কার্যালয়ের সামনে মহিলা এমপিকে গাড়িচাপা
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ওয়াঙ্গারাট্টা শহরে নিজের নির্বাচনী কার্যালয়ের সামনে গাড়িচাপায় গুরুতর আহত হয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইন্স। সংকটাপন্ন অবস্থায় তাকে হেলিকপ্টারে করে মেলবোর্নের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ইচ্ছাকৃত হামলা কি না, তা খতিয়ে দেখছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো।

বিজ্ঞাপন

সোমবার রাতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি), নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এএসআইও এবং যৌথ সন্ত্রাসবিরোধী টাস্কফোর্স তদন্তে যুক্ত হয়েছে। তবে হামলার সম্ভাব্য উদ্দেশ্য এখনো জানা যায়নি।

প্রধানমন্ত্রী হেলেন হেইন্সকে পরিশ্রমী, মেধাবী ও সৎ রাজনীতিক হিসেবে বর্ণনা করেন। সংসদে মতপার্থক্য থাকলেও তার উদ্দেশ্য নিয়ে কখনো সন্দেহ করেননি বলে জানান আলবানিজ। তিনি বলেন, নিজ নির্বাচনী এলাকায় হেইন্স অত্যন্ত জনপ্রিয়। এ ঘটনায় ওয়াঙ্গারাট্টার বাসিন্দারা গভীরভাবে মর্মাহত হবেন।

অস্ট্রেলিয়ার এবিসি টেলিভিশনকে দেওয়া বক্তব্যে আলবানিজ বলেন, প্রথমে তাকে জানানো হয়েছিল, হেইন্স গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে ঘটনাটি ইচ্ছাকৃত হামলা হয়ে থাকতে পারে বলে জানানো হয়। প্রধানমন্ত্রীর ভাষায়, “এটি কোনও দুর্ঘটনা ছিল না।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে অনুমান করতে চাননি তিনি। আলবানিজ বলেন, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি নিয়ে তিনি আগেও সতর্ক করেছেন। পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতে রাজনৈতিক সহিংসতার বিভিন্ন ঘটনার পর অস্ট্রেলিয়াতেও এমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল।

ভিক্টোরিয়া পুলিশের বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে মারফি স্ট্রিটে হেইন্সের নির্বাচনী কার্যালয়ের সামনে একটি সাদা টয়োটা ল্যান্ডক্রুজার ৬৫ বছর বয়সী এক নারীকে ধাক্কা দেয়। ওই নারীই সংসদ সদস্য হেলেন হেইন্স।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি ভিক্টোরিয়ার টারউইঙ্গি এলাকার বাসিন্দা, যা ওয়াঙ্গারাট্টা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। গাড়ি থেকে নামার পর এক পথচারী তাকে আটক করতে সহায়তা করেন। সন্দেহভাজনের গাড়িতে একটি ছুরি পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট অ্যাশলি ম্যাসন জানিয়েছেন, আপাতত ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনাস্থলে বিস্তৃত তদন্ত চলছে। আহত সংসদ সদস্যকে সহায়তা এবং সন্দেহভাজনকে আটক করতে এগিয়ে আসা পথচারীদের প্রশংসা করেছেন তিনি।

প্রধানমন্ত্রী ও ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, হেইন্সকে লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে সরাসরি কোনো হুমকির তথ্য তাদের কাছে ছিল না। সন্দেহভাজনের সঙ্গে হেইন্সের আগে থেকে পরিচয় ছিল কি না, তা-ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভিক্টোরিয়ার মুখ্যমন্ত্রী বেন ক্যারল এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। হেইন্সের পরিবার, সহকর্মী ও ওয়াঙ্গারাট্টার জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেলর ঘটনাটিকে দেশের জন্য ‘মর্মান্তিক দিন’ বলে উল্লেখ করেছেন। তার মতে, রাজনৈতিক হামলাকে অস্ট্রেলিয়ায় স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না। ন্যাশনালস দলের সংসদ সদস্য মাইকেল ম্যাককরম্যাকও হেইন্সের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

হেইন্সের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সহায়তার জন্য পথচারী, স্বাস্থ্যকর্মী ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরিবারের সদস্যরা তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন।

এদিকে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, রাজনীতিক ও গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে হুমকি ও হয়রানির ঘটনা বেড়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, দুই অর্থবছর আগে এ ধরনের ঘটনার অভিযোগ ছিল ৯৫১টি। সর্বশেষ অর্থবছরে তা বেড়ে ১ হাজার ৬৭টিতে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

২০১৯ সাল থেকে ইন্ডি নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন হেলেন হেইন্স। এর আগে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা এএসআইও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতার ঝুঁকি বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছিল। তবে হেইন্সের ওপর হামলার সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তকারীরা এখনো নিশ্চিত করেননি।

সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD