হরমুজের তলদেশের ইন্টারনেট ক্যাবল লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হামলার নতুন লক্ষ্যবস্তু নির্ধারণের হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির তলদেশ দিয়ে যাওয়া ইন্টারনেট ক্যাবলগুলোর দিকে ইঙ্গিত করে নতুন লক্ষ্যবস্তু ও অস্ত্র উন্মোচনের কথা জানিয়েছে বাহিনীটি।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) রাজধানী তেহরানের ‘স্যাক্রেড ডিফেন্স মিউজিয়াম’ মিলনায়তনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এ হুমকি দেন।
তিনি বলেন, হরমুজ প্রণালির তলদেশ দিয়ে সাতটি বড় ইন্টারনেট ক্যাবল গেছে। এসব ক্যাবলের মাধ্যমে বিপুল পরিমাণ ইন্টারনেট ও বাণিজ্যিক তথ্য আদান-প্রদান হয়।
মোহেব্বি বলেন, ‘আমরা শুধু তাদের (যুক্তরাষ্ট্র) জানাতে চাই যে, নতুন লক্ষ্যবস্তু উন্মোচিত হতে যাচ্ছে। নতুন অস্ত্রও সামনে আনা হবে।’
বিজ্ঞাপন
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের অবশিষ্ট প্রভাব ও শক্তি পুরোপুরি বিতাড়িত করার অঙ্গীকারও করেছেন আইআরজিসির মুখপাত্র।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে চলতি অক্টোবরের শুরুতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট সমুদ্রতলবর্তী ইন্টারনেট ক্যাবল, ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিকে দেওয়া বক্তব্যে রেজায়ি বলেন, ‘আমরা এখনও এসব সম্পদ আমাদের লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করিনি।’ তবে নতুন সংঘাত শুরু হলে এ ধরনের অবকাঠামো ধ্বংস হয়ে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং হরমুজ প্রণালিতে নৌ-চলাচল কার্যত বন্ধ করে দেয়। পরে এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে ওয়াশিংটন।
পরবর্তী সময়ে জুন মাসে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা নিয়ে দুই দেশের মতপার্থক্যের কারণে সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া থমকে রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি








