Logo

মধ্যপ্রাচ্যে ‘তেলের বদলে নিরাপত্তা’ নীতি থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬, ২১:০৫
মধ্যপ্রাচ্যে ‘তেলের বদলে নিরাপত্তা’ নীতি থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের ‘তেলের বিনিময়ে নিরাপত্তা’ নীতি থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অঞ্চলটিতে নিজেদের আধিপত্য বজায় রাখার লক্ষ্য থেকেও সরে আসতে চায় ওয়াশিংটন। মঙ্গলবার (২০ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় গ্লোবাল সিকিউরিটি ফোরামে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কূটনীতিক টম ব্যারাক।

বিজ্ঞাপন

তিনি জানান, নীতিতে পরিবর্তন এলেও মধ্যপ্রাচ্য ছেড়ে যাবে না যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘদিন ধরে সরকার পরিবর্তনের প্রচেষ্টাসহ বিভিন্ন হস্তক্ষেপের পর এ অঞ্চলে নিজেদের ভূমিকা নতুন করে নির্ধারণ করা হবে।

তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও সিরিয়াবিষয়ক বিশেষ দূত টম ব্যারাক বলেন, ‘যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় না। আমরা এখন আর মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের জন্য আলোচনা করছি না। আমাদের আলোচনা হচ্ছে কীভাবে এ অঞ্চল না ছাড়া যায়। আমরা মধ্যপ্রাচ্য ছেড়ে যাচ্ছি না।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের দেশগুলোও এখন বুঝতে পারছে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সীমাবদ্ধতা রয়েছে এবং সব ক্ষেত্রে তা কার্যকর হয় না বলে মন্তব্য করেন তিনি।

ব্যারাক বলেন, ‘সবাই (মধ্যপ্রাচ্যের দেশগুলো) বলছে, ঠিক আছে, আমাদের সব সমস্যা সমাধানের জন্য আমরা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারব না।’

বিজ্ঞাপন

সরকার বা নেতা পরিবর্তনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘যখনই আমরা (সরকার বা নেতা পরিবর্তনের জন্য) হস্তক্ষেপের চেষ্টা করি, সরকার বা নেতা পরিবর্তন করি, তখনই বোঝা যায় আমরা ভুল করেছি।’

টম ব্যারাকের বক্তব্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অঞ্চলটিতে সরাসরি নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপের পরিবর্তে নিজেদের উপস্থিতি বজায় রেখে নতুনভাবে ভূমিকা নির্ধারণের দিকেই এগোতে চায় ওয়াশিংটন।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD