প্রেমিককে খুনের অভিযোগে বোনসহ গ্রেফতার ইনফ্লুয়েন্সার

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে প্রেমিক শিবা শর্মার মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার শ্রদ্ধা দুবেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) মহারাষ্ট্রের নাগপুর থেকে তাকে, তার বোন রশ্মি দুবে এবং গাড়িচালক দানিশকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশের অভিযোগ, শিবার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হওয়ার পর শ্রদ্ধা পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে গ্রেফতারে তথ্য দিলে ৫০ হাজার রুপি পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছিল পুলিশ।
উত্তর প্রদেশ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) ও নাগপুর পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের লক্ষ্ণৌতে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের দাবি, ঘটনার পর শ্রদ্ধা, তার বোন রশ্মি ও গাড়িচালক দানিশ লক্ষ্ণৌ থেকে নেপালে পালিয়ে যান। পরে শ্রদ্ধা নেপাল থেকে রায়বেরেলি ও আগ্রা হয়ে নাগপুরে পৌঁছান। সেখান থেকে আবার পালানোর পরিকল্পনা করার সময় তাদের গ্রেফতার করা হয়।
লক্ষ্ণৌতে শিবার বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল। তার মৃত্যুর পর শিবার মা অভিযোগ করেন, শ্রদ্ধা ও তার বোন তাকে ব্ল্যাকমেইল করেছেন এবং হত্যার সঙ্গে জড়িত ছিলেন।
বিজ্ঞাপন
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা কয়েকটি ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি করেছেন শ্রদ্ধা। একটি ভিডিওতে তিনি বলেন, শিবার সঙ্গে তার পরিচয় হয়েছিল মাত্র চার মাস আগে। এর মধ্যে দুই থেকে আড়াই মাস তারা বন্ধু ছিলেন। শেষ দুই মাসে শিবা তার বাসায় যেতেন।
শ্রদ্ধার দাবি, শিবার মা তাকে পছন্দ করতেন না বলেই মিথ্যা অভিযোগ করেছেন। তার ভাষ্য, শিবা আত্মহত্যা করেছেন এবং নিজের ভবনের চতুর্থ তলা থেকে তাকে লাফ দিতে দেখেছেন তিনি। ভবনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে তার নির্দোষিতা প্রমাণিত হবে বলেও দাবি করেন শ্রদ্ধা।
শ্রদ্ধা আরও দাবি করেন, শিবার প্রায় ২০ লাখ রুপি ঋণ ছিল। সেই টাকা পরিশোধ করতে না পারলে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা শিবা তাকে বলেছিলেন।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








