হরমুজে মাইনে আঘাত, তিন তেলবাহী জাহাজে আগুন: আইআরজিসি

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আইআরজিসির নৌবাহিনীর দাবি, জাহাজগুলো নির্ধারিত পথের পরিবর্তে দক্ষিণের একটি অননুমোদিত রুট ব্যবহার করছিল। আগুন লাগার পর সেগুলো পরিত্যক্ত অবস্থায় হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে পড়ে থাকে।
ইরানের সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে আইআরজিসির নৌবাহিনীর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, জাহাজগুলো নিজেদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল। নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে তারা হরমুজ প্রণালির অননুমোদিত দক্ষিণের পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জাহাজগুলোতে আগুন লাগার কারণে পরিবেশের ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য, অননুমোদিত নৌপথটি দূষিত হয়েছে। এ ঘটনার জন্য জাহাজগুলোর মালিক ও নাবিকদের দায়ী করেছে ইরানের নৌবাহিনী।
বিজ্ঞাপন
একই সঙ্গে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম)–এর বক্তব্য বা দাবিতে গুরুত্ব না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। বাহিনীটির দাবি, ‘যেকোনো উসকানিমূলক পদক্ষেপের’ জবাব কঠোরভাবে দেওয়া হবে।
তবে আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি জাহাজের নাম, সেগুলোর পতাকাবাহী দেশ কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না—তাৎক্ষণিকভাবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা








