Logo

হারের মুখে পড়ে এবার কারচুপির অভিযোগ তুললেন নেতানিয়াহুর দল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬, ১৬:২৮
হারের মুখে পড়ে এবার কারচুপির অভিযোগ তুললেন নেতানিয়াহুর দল
ছবি: এআই

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। তবে অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পায়নি দেশটির পুলিশ। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার মতো পরিস্থিতিও দেখছে না কেন্দ্রীয় নির্বাচন কমিটি।

বিজ্ঞাপন

ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োমের প্রতিবেদনে একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, ফিলিস্তিনি-ইসরায়েলি জনগোষ্ঠীর বসবাসের এলাকাগুলোতে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগের সঙ্গে নির্বাচন কমিটির পর্যবেক্ষণের মিল নেই।

নির্বাচনে আরব দলগুলোর আসন বাড়ার পূর্বাভাসের মধ্যে লিকুদ পার্টির অভিযোগ সামনে এসেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে পিছিয়ে রয়েছে।

বুধবার লিকুদ পার্টি অভিযোগ করে, আরব দলগুলো সমন্বিতভাবে ঘুষ, ভয়ভীতি প্রদর্শন, সহিংসতা, জালিয়াতি এবং নিষিদ্ধ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।

বিজ্ঞাপন

দলটির দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের সংগঠিত করে নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। আরব রাজনৈতিক আন্দোলনগুলোর বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন এবং ইসরায়েল রাষ্ট্র ধ্বংসের চেষ্টার অভিযোগও তুলেছে লিকুদ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দলটি জানিয়েছে, অভিযোগের সমর্থনে শত শত সাক্ষ্য ও নথি পুলিশের পাশাপাশি শিন বেত নিরাপত্তা সংস্থা এবং নির্বাচনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে তারা।

তবে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, নির্বাচনে কারচুপির অভিযোগ সমর্থন করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

নির্বাচনে আরব দলগুলোর আসন বাড়ার পূর্বাভাস ইসরায়েলের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, জয়েন্ট লিস্ট ও রা’আম—এই দুই দল মিলিয়ে ১৯টি আসন পেতে পারে। প্রতিবেদনে একে দলগুলোর ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রায় ৯০ শতাংশ ভোট গণনার পর প্রকাশিত পূর্বাভাসে দেখা গেছে, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে, ইয়াশার নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের আসনসংখ্যা হতে পারে ৪৮।

সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। তবে প্রাথমিক হিসাবে কোনো পক্ষই সেই সংখ্যায় পৌঁছাতে পারেনি। এ অবস্থায় সরকার গঠনের আলোচনায় আরব দলগুলোর আসন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন

লিকুদ পার্টির আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। কমিটি জানিয়েছে, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জমা পড়া অভিযোগ পর্যালোচনার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে মঙ্গলবার কমিটি জানিয়েছিল, ভোটের ফল পরিকল্পিতভাবে পরিবর্তনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ব্যক্তিগতভাবে পাওয়া প্রতিটি অভিযোগ দ্রুত যাচাই করা হচ্ছে।

ইসরায়েলের নির্বাচনের ফল এখনো চূড়ান্ত হয়নি। দেশটির নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, ‘ডাবল-এনভেলপ’ পদ্ধতিতে জমা দেওয়া কয়েক লাখ ব্যালট গণনা করা বাকি রয়েছে।

বিজ্ঞাপন

এসব ব্যালটের মধ্যে দায়িত্বে থাকা সামরিক সদস্য, বিদেশে কর্মরত কূটনীতিক এবং জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের ভোট রয়েছে। বাকি ভোট গণনার পর আসনসংখ্যার হিসাব পরিবর্তিত হতে পারে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD