যুক্তরাষ্ট্রের পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাকারী বরখাস্ত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনাকারী লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন। তিনি জয়েন্ট স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তাকে সরিয়ে দেওয়ার কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
বিজ্ঞাপন
এর আগে এই পদে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও অবসরে যেতে বাধ্য করেছিলেন হেগসেথ।
জয়েন্ট স্টাফের এক মুখপাত্র জানান, দেশের জন্য ৩২ বছরের উল্লেখযোগ্য সেবার জন্য লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয়েন্ট স্টাফের চেয়ারম্যান এবং যৌথ বাহিনী। একই সঙ্গে জীবনের নতুন সুযোগ ও পরবর্তী অধ্যায়ের জন্য তাদের শুভকামনা জানানো হয়েছে।
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবেচনা করছেন—এমন পরিস্থিতিতেই সিলভিয়াকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এলো।
বিজ্ঞাপন
এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে যোগাযোগের উদ্যোগ থেকে যুক্তরাষ্ট্রের নতুন করে যুদ্ধে জড়ানোর পরিবর্তে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর আগ্রহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষক ইহসান আলখতিব।
আলজাজিরাকে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন যেসব আনুষ্ঠানিক যোগাযোগের পথকে অকার্যকর মনে করে, সেগুলো এড়িয়ে ইরান সরকারের প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রবণতা দেখাচ্ছে।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাইয়ের সঙ্গে যোগাযোগের জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অনুমোদন দিয়েছেন তিনি। ইরানের চিকিৎসাসামগ্রী সহায়তার প্রয়োজনের বিষয়টিও এ উদ্যোগের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প।
বিজ্ঞাপন
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্স রেজাইকে একটি চিঠি পাঠিয়ে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন।
সূত্র: আল-জাজিরা








