Logo

‘আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি’ রাস্তায় বিমান আছড়ে পড়ার আগে পাইলটের শেষ বার্তা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর, ২০২৬, ১৪:১৩
‘আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি’ রাস্তায় বিমান আছড়ে পড়ার আগে পাইলটের শেষ বার্তা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একটি ব্যক্তিগত বিমানের ৯ আরোহী। বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে নারী পাইলটের শেষ কথোপকথন সামনে এসেছে। সেখানে নিজের অসহায়ত্ব প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি! আমাদের হাতে সময় নেই!’

বিজ্ঞাপন

রবিবার (১ নভেম্বর) ফ্লোরিডার গ্রিনএকার্স এলাকার কাছে লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। টেক্সাসের অস্টিন থেকে উড্ডয়ন করে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল বিমানটি। দুর্ঘটনায় বিমানের সব আরোহী নিহত হলেও মাটিতে থাকা অন্য কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার আগে বিমানটি বৈরী আবহাওয়ার কবলে পড়েছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগের সময় বিমানের ক্রুরা টার্বুলেন্স ও বরফ জমার সমস্যার কথা জানান। পরিস্থিতি সামাল দিতে তারা বিমানটির উচ্চতা বাড়ানোর চেষ্টা করেছিলেন।

এ সময় পাইলটের আরেকটি রেডিও বার্তায় পরিস্থিতির ভয়াবহতা ফুটে ওঠে। তিনি বলেন, ‘আমরা ২২ হাজার ফুট নিচে নেমে যাচ্ছি এবং আমরা ৬০ ডিগ্রি কাত হয়ে আছি। আমাদের হাতে আর সময় নেই।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপরই বিমানটির পক্ষ থেকে জরুরি বিপদ সংকেত বা ‘মেডে’ পাঠানো হয়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফ্লাইট ডেটা অনুযায়ী, বিমানটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। প্রথমে প্রতি মিনিটে ১০ হাজার ফুট এবং পরে ২০ হাজার ফুট বেগে উচ্চতা হারাতে থাকে সেটি। একপর্যায়ে প্রতি মিনিটে ৩২ হাজার ফুট বা ঘণ্টায় প্রায় ৩৬০ মাইল গতিতে মাটিতে আছড়ে পড়ে বিমানটি।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ঘটনাটিকে ভয়াবহ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এটি একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ছিল। দেখে মনে হচ্ছিল একটি মিসাইল আছড়ে পড়ছে এবং এটি রাস্তার পাশে একটি বিশাল গর্ত তৈরি করেছে।’

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে বৈরী আবহাওয়া, বিমানে বরফ জমা এবং নিয়ন্ত্রণ হারানোর বিষয়গুলো দুর্ঘটনার আগের পরিস্থিতির অংশ হিসেবে উঠে এসেছে। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা নিশ্চিত হতে তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।

সূত্র: ইয়াহু নিউজ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD