আবারও উত্তেজনা, সৌদি আরবে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে হামলায় ব্যবহৃত মিসাইলটি প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) হামলার তথ্য নিশ্চিত করেন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। তবে হুথিরা কতটি মিসাইল ছুড়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি জোট।
মিসাইল হামলার আগে সৌদি আরবের আবহা, খামিস মুসাইত, তাইফ ও নারজান এলাকায় সম্ভাব্য হামলার সতর্কতা জারি করা হয়েছিল। কিছুক্ষণ পর সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। এরপরই হুথিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার কথা জানায় জোট।
সতর্কতা জারির সময় সৌদি সরকার সাধারণ মানুষকে মিসাইল ও ড্রোন হামলার ভিডিও ধারণ না করার আহ্বান জানিয়েছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সৌদিতে মিসাইল হামলার আগে ইয়েমেনের হোদেইদা প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর ও তেল স্থাপনায় বিমান হামলা চালানোর অভিযোগ তোলে হুথিরা। তাদের দাবি, এসব হামলায় সাতজন আহত হয়েছেন।
হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলসাবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি নেতৃত্বাধীন জোট প্রথমে লোহিত সাগরের রাস ইসা বন্দরে হামলা চালায়। এতে সেখানে থাকা চার বেসামরিক ব্যক্তি আহত হন। পরে বাজিল জেলার একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে আরও তিনজন আহত হন। তারাও বেসামরিক নাগরিক বলে দাবি করেন তিনি।
আনিস আলসাবাহি বলেন, “তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ বন্দরে বারবার হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া তারা ইয়েমেনে বেসামরিক ও গুরত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যেসব যুদ্ধাপরাধ সংঘটিত করেছে, এটি তার আরেকটি সংযোজন।”
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা








