নদীতে ঝাঁপ দিয়ে কুমিরের মুখে নারী, চিৎকার শুনে উদ্ধার করল পুলিশ

ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ কন্নড় জেলার কুক্কে সুব্রহ্মণ্য এলাকায় কুমারধারা নদীতে ঝাঁপ দেওয়া এক নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। নদীতে পড়ার পর কুমিরের উপস্থিতি টের পেয়ে প্রাণভয়ে চিৎকার শুরু করেন তিনি। তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। পরে পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে কুমারধারা সেতুর কাছে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কারণে ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একপর্যায়ে তিনি সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। নদীতে পড়ার পর একটি কুমির তাঁকে আক্রমণ করে। এতে তিনি সামান্য আহত হন।
এ সময় নদীর তীরবর্তী একটি স্থানীয় লজের কর্মচারীরা ওই নারীর চিৎকার শুনতে পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁরা পরিস্থিতি বুঝতে পারেন এবং সুব্রহ্মণ্য থানায় খবর দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংবাদ পেয়ে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শুরু হয় উদ্ধার অভিযান। একপর্যায়ে পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তাঁকে নদী থেকে তুলে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়।
উদ্ধারের পর ওই নারীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, ওই নারীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের হয়নি।
নারীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে তাঁর নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।








