Logo

সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ১৭ বছর হলেই সৈনিক পদে আবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৯:০২
সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ১৭ বছর হলেই সৈনিক পদে আবেদন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাধারণ ও টেকনিক্যাল—দুই শাখায় নারী ও পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। ১৭ থেকে ২২ বছর বয়সী যোগ্য প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬ থেকে। আগ্রহীরা ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী। পদের নাম সৈনিক। চাকরির ধরন স্থায়ী। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে। বেতন দেওয়া হবে সশস্ত্র বাহিনীর নির্ধারিত বেতনক্রম অনুযায়ী। পাশাপাশি সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ রয়েছে।

বয়স ও শারীরিক যোগ্যতা

১২ মার্চ ২০২৭ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৭ থেকে ২২ বছরের মধ্যে। বয়স প্রমাণের জন্য কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।

পুরুষ প্রার্থীদের সাধারণ ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি হতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। বুকের মাপ ও ওজনের শর্ত একই থাকবে।

নারী প্রার্থীদের সাধারণ ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮ থেকে ৩০ ইঞ্চি এবং ওজন ৪৭ কেজি হতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট নির্ধারণ করা হয়েছে। বুকের মাপ ও ওজনের শর্ত অপরিবর্তিত থাকবে।

এ ছাড়া আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

আবেদন শুরুর ও শেষ তারিখ

নিয়োগে আবেদন গ্রহণ শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬ তারিখে। আবেদন করার শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৭। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সময়সীমা পার হলে কিংবা অসম্পূর্ণ আবেদন জমা দিলে তা গ্রহণ করা হবে না।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। এ ছাড়া টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করেও এসএমএসের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ রয়েছে।

আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রবেশপত্র প্রিন্ট করে নিতে হবে। আবেদন করার সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এটি সংগ্রহ করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করার সুযোগ থাকবে না।

আবেদন ফি ও বাছাইপ্রক্রিয়া

আবেদনকারীকে পরীক্ষার ফি হিসেবে ২০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। সব মিলিয়ে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

প্রার্থীদের কয়েকটি ধাপে যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। প্রথমে স্বাস্থ্য পরীক্ষা ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে। এরপর বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবশেষে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব শর্ত ও নির্দেশনা ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD