আজ ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’

প্রেমে বিচ্ছেদ ঘটলে অনেক মানুষই গভীর মানসিক আঘাতে ভেঙে পড়েন। তখন অনেকেরই মনে হয় যেন জীবনের সবকিছু শেষ হয়ে গেছে, চারপাশের পৃথিবীও যেন হঠাৎ করেই শূন্য হয়ে গেছে। কিন্তু অতীতের স্মৃতি আঁকড়ে ধরে নিজেকে কষ্টে নিমজ্জিত রাখা কোনো সমাধান নয়। সেই দুঃখ থেকে বেরিয়ে এসে নতুনভাবে জীবন শুরু করার সাহস জোগাতেই পালিত হয় ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’।
বিজ্ঞাপন
সোমবার (৯ মার্চ) বিশ্বের বিভিন্ন স্থানে অনেকেই দিনটিকে ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’ হিসেবে পালন করেন। প্রেমে ব্যর্থতার বেদনা পেছনে ফেলে নতুন করে জীবন সাজানোর অনুপ্রেরণা দেওয়াই এই দিনের মূল উদ্দেশ্য।
প্রেম মানুষের জীবনের স্বাভাবিক এবং গভীর এক অনুভূতি। কিন্তু সব ভালোবাসার গল্প শেষ পর্যন্ত পূর্ণতা পায় না। অনেক সময় সম্পর্ক ভেঙে গেলে মানুষ মানসিকভাবে ভেঙে পড়েন এবং জীবনকে শূন্য মনে হতে থাকে। প্রিয় মানুষকে হারানোর কষ্টে কেউ কেউ হতাশায় ভুগতে থাকেন, এমনকি স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হয়। আবার অনেকেই দীর্ঘ সময় ধরে বিচ্ছেদের যন্ত্রণা কাটিয়ে উঠতে পারেন না।
বিজ্ঞাপন
তবে বাস্তবতা হলো—জীবন কখনো থেমে থাকে না। সেই কথাটিই মানুষকে মনে করিয়ে দেয় ৯ মার্চের এই দিনটি। ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’ মূলত তাদের জন্য, যারা সম্পর্ক ভাঙার কষ্টে হতাশ হয়ে পড়েছেন। দিনটি মানুষকে মনে করিয়ে দেয়, একটি সম্পর্কের সমাপ্তি মানেই জীবনের শেষ নয়; বরং এটি নতুন করে নিজেকে গড়ে তোলার আরেকটি সুযোগ।
অনেকের মতে, ভ্যালেন্টাইনস ডে এবং এপ্রিল ফুল ডে’র মাঝামাঝি সময়ে হওয়ায় ৯ মার্চকে এই বিশেষ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভালোবাসার উচ্ছ্বাসের পর এবং মজার একটি দিবসের আগে এই সময়টিকে আত্মবিশ্লেষণ ও নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবেই ধরা হয়।
এই দিবসটির সূচনা হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পেছনে রয়েছেন আটলান্টার বাসিন্দা জেফ গোল্ডব্ল্যাট নামের এক তরুণ। তিনিও একসময় ব্যর্থ প্রেমের কষ্টে ভেঙে পড়েছিলেন। প্রেমিকা তাকে ছেড়ে চলে যাওয়ার পর তিনি দীর্ঘ সময় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কোনো কিছুতেই তার আগ্রহ থাকত না। জীবনটাই তার কাছে অর্থহীন মনে হতে শুরু করে।
বিজ্ঞাপন
কিন্তু একসময় তিনি উপলব্ধি করেন, তিনি একা নন। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা প্রেমে ব্যর্থ হয়ে মানসিক কষ্টে ভুগছেন। তখনই তার মনে হয়, যদি এমন একটি দিন থাকে যা মানুষকে ব্যর্থতার পর আবার ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।
এই ভাবনা থেকেই জেফ একটি কবিতা লেখেন এবং একটি ওয়েবসাইট চালু করে সেখানে তা প্রকাশ করেন। তার সেই উদ্যোগ অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ধীরে ধীরে দিনটি মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে।
বিজ্ঞাপন
সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এই দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পরিচিত হয়ে উঠছে। বিশেষ করে তরুণদের মধ্যে দিনটি নিয়ে আগ্রহ দেখা যায়।
বিশেষজ্ঞরা মনে করেন, সম্পর্ক ভাঙা জীবনের স্বাভাবিক একটি ঘটনা। এটি মানুষকে হতাশ করলেও একই সঙ্গে শেখায় নতুন অভিজ্ঞতা। তাই অতীতের দুঃখে ডুবে না থেকে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
আজকের দিনটি তাই মনে করিয়ে দেয়— অতীতের কষ্ট ভুলে নিজেকে নতুনভাবে গড়ে তোলার সময় এসেছে। জীবনের সম্ভাবনা অসীম। নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা আর ইতিবাচক চিন্তা নিয়েই এগিয়ে যেতে হবে।
বিজ্ঞাপন
সুতরাং পুরোনো কষ্টকে বিদায় জানিয়ে নিজেকে ভালো রাখার প্রতিজ্ঞা করার দিন আজ। ব্যর্থ প্রেম ভুলে নতুনভাবে জীবনকে গড়ে তোলার দিন।








