সাংবাদিকতায় বিশেষ অবদানে সম্মাননা পেলেন জনবাণীর রাজু আহাম্মেদ শাহ্

সমাজসেবা, মানবাধিকার রক্ষা এবং নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ব্যক্তিদের অনুপ্রাণিত করতে প্রতিবছর আয়োজন করা হয় ‘এইচআরআরএস গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। দীর্ঘ ১০ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দিয়ে আসছে এ সংস্থাটি।
বিজ্ঞাপন
এবারের ‘এইচআরআরএস গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন দৈনিক জনবাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহাম্মেদ শাহ্। তৃণমূল মানুষের সমস্যা, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা এবং দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীকে। তাকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি সুচন্দাও আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।
বিজ্ঞাপন

বিশেষ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা ও স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাইনুল আহসান সোহেলকেও বিশেষ এ সম্মাননা প্রদান করা হয়।
সমাজসেবা, মানবাধিকার, শিল্প-সংস্কৃতি, শিক্ষা ও বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪০ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।
বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাজধানীর বিজয়নগরের একটি তিন তারকা হোটেলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাবের সভাপতি ইকবাল আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এফ এম সোলায়মান চৌধুরী, সাবেক সিনিয়র সচিব ও কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইকবাল আলমগীর বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য মানবাধিকার, শিক্ষা, সংস্কৃতি, দারিদ্র্য দূরীকরণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অনেক মানুষ নীরবে কাজ করে যাচ্ছেন। তাদের অবদানের স্বীকৃতি দিতেই গত এক দশক ধরে এইচআরআরএস গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের জন্য নিবেদিতপ্রাণ, সমাজ সংস্কারক ও প্রকৃতিপ্রেমী আলোকিত মানুষদের সম্মানিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দীন আহমেদ ও উপদেষ্টা তাসিক আহমেদসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








