Logo

এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২০
এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে যেতে বাংলাদেশ যখন প্রস্তুতি নিচ্ছে, তখন এ প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়ালার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলোচনায় ডব্লিউটিও মহাপরিচালক বাংলাদেশের প্রতি সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

ড. ওকোনজো-ইওয়ালা বলেন, বর্তমান বৈশ্বিক বাণিজ্যে নানা শঙ্কা থাকলেও বাজার স্থিতিশীল রয়েছে। পাশাপাশি ডব্লিউটিওর কাঠামোগত সংস্কারে বাংলাদেশকেও সক্রিয় ভূমিকা রাখতে অনুরোধ জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে উল্লেখ করেন, দ্রুত পরিবর্তনশীল বাণিজ্য পরিবেশে নেতৃত্ব দিতে ডব্লিউটিওকে সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং অর্থবহ পরিবর্তনের জন্য তার কণ্ঠস্বর তুলতে প্রস্তুত।

২০২৬ সালের শেষ নাগাদ বাংলাদেশ এলডিসি থেকে উত্তীর্ণ হবে বলে আশা করা হচ্ছে। এ প্রেক্ষাপটে বৈঠকে বহুপাক্ষিক বাণিজ্য সংস্কার, জ্বালানি ও পরিবহনসহ নানা ইস্যুতে মতবিনিময় হয়। এ সময় জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান, বিশেষ দূত লুৎফী সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD